© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরাজগঞ্জে সংঘর্ষে এক ব্যক্তি নিহতের ঘটনায় বিএনপির ২ নেতার পদ স্থগিত

শেয়ার করুন:
সিরাজগঞ্জে সংঘর্ষে এক ব্যক্তি নিহতের ঘটনায় বিএনপির ২ নেতার পদ স্থগিত

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৪ পিএম | ১৩ এপ্রিল, ২০২৫
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের বড়ধুনাইল গ্রামে সরকারি খাস জমি দখল ও দফা দফায় সংঘর্ষে প্রতিপক্ষের এক ব্যক্তি নিহতের ঘটনায় ইউনিয়ন বিএনপির দুই নেতার পদ স্থগিত ও যুবদল এবং ছাত্রদলের দুই নেতার পদ স্থগিতের জন্য জেলা যুবদল ও ছাত্রদলকে নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি। এ ছাড়াও ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে।

আজ রবিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পদ স্থগিত হওয়া নেতারা হলেন- রুপবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন লিটন ও সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হালিম সেখ।

অভিযুক্ত যুবদল ও ছাত্রদল নেতারা হলেন- রুপবাটি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সেখ ও একই ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইনজাজাম সেখ।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নে প্রতি বছর সরকারি জমি দখল নিয়ে মারামারি হয়ে থাকে। এবারও সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ অবস্থায় এসব ঘটনায় জড়িত থাকায় প্রাথমিকভাবে দুই বিএনপি নেতার পদ স্থগিত এবং যুবদল ও ছাত্রদলের দুই নেতার পদ স্থগিতের নির্দেশনা দেওয়া হয়েছে।

বড়ধুনাইল গ্রামে ১৫০ বিঘা সরকারি খাসজমি দখলে নেওয়াকে কেন্দ্র জাফর গ্রুপ ও রাজ্জাক গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শনিবার ও রবিবার দফায় দফায় সংঘর্ষ হয়। এতে রাজ্জাক গ্রুপের লোকজন প্রতিপক্ষ জাফর গ্রুপের লোকজনের অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ উঠেছে।

এতে বাধা দিতে গেলে মারধরে জাফর গ্রুপের মদিন মোল্লাকে নিজবাড়ির সামনে পিটিয়ে হত্যা করা হয়। এসব ঘটনায় এ গ্রুপের আরো অন্তত ২০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। বিএনপির পক্ষ থেকে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সবাই যুবদল নেতা রাজ্জাক গ্রুপের সমর্থক।

এসএম/টিএ

মন্তব্য করুন