© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সীমান্তে গুলি, বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

শেয়ার করুন:
সীমান্তে গুলি, বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩০ পিএম | ১৬ এপ্রিল, ২০২৫

<div><div style="text-align: justify; ">লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে হাসিবুল আলম (২৪) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে। ঘটনাটি ঘটে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর প্রধান পিলারের ৬ এস সাব-পিলার সংলগ্ন এলাকায়।

আহত হাসিবুল আলম ওই এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হাসিবুলসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক নিজেদের সীমান্তের ভেতরে ঘাস কাটছিলেন। এমন সময় ভারতের কোচবিহার জেলার শীতলকুচি থানার অধীনে নগর সিঙ্গিমারী বিএসএফ ক্যাম্পের একটি টহল দল হঠাৎ বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। তারা উপস্থিত সবাইকে ধাওয়া করে এবং গুলি চালায়। এতে হাসিবুল গুলিবিদ্ধ হন এবং বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

ঘটনার পর বিকেল ৫টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএসএফ জানায়, হাসিবুলকে কুচবিহার জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বৃহস্পতিবার বিকেলে তাকে ফেরত দেওয়া হবে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুন নবি বলেন, “হাসিবুলের গালে গুলি লেগেছে বলে জানিয়েছে বিএসএফ। তারা বিষয়টি স্বীকার করেছে এবং তাকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। যদিও পতাকা বৈঠকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস পাওয়া গেছে, তবে হাসিবুল সুস্থভাবে ফিরে না আসা পর্যন্ত পরিবারের পাশাপাশি এলাকাবাসীর দুশ্চিন্তা কাটছে না।

তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।

আরআর/এসএন

মন্তব্য করুন