মগবাজার রেললাইনে বাস, অল্পে রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী
ছবি : সংগৃহীত
০২:৫৫ এএম | ১৯ এপ্রিল, ২০২৫
<div><div>রাজধানীর মগবাজার রেলগেটে বড় ধরনের দুর্ঘটনা অল্পের জন্য এড়িয়েছে। শুক্র
রাজধানীর মগবাজার রেলগেটে বড় ধরনের দুর্ঘটনা অল্পের জন্য এড়িয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টা ৪৪ মিনিটের দিকে আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস রেললাইনে উঠে হঠাৎ আটকে যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। প্রাণভয়ে বাসের জানালা দিয়ে লাফিয়ে নামতে শুরু করেন তারা। ভাগ্য ভালো, শেষমেশ কোনো দুর্ঘটনা ঘটেনি।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা তৌকির আহমেদ নামের একজন শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, বাসটি এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় বাসটি রেললাইনে উঠলে হঠাৎ করে সেটি আর না এগোতে পেরে আটকে যায়। চালক চেষ্টা করেও বাসটি সামনের দিকে নিতে পারছিলেন না।
এদিকে, ঢাকা স্টেশন থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ব্রড গেজ ট্রেন দ্রুতই রেলগেটের দিকে এগিয়ে আসছিল। গেটকিপাররা দ্রুত গেট ফেলতে না পারায় বাঁশি বাজিয়ে সবাইকে সতর্ক করার চেষ্টা করছিলেন। আতঙ্কে যাত্রীরা জানালা দিয়েই বাস থেকে লাফিয়ে নামতে থাকেন। কয়েক সেকেন্ডের ব্যবধানে চালক কোনোভাবে বাসটি পেছনে নিতে সক্ষম হন। ঠিক তার পরপরই ট্রেনটি রেলগেট অতিক্রম করে।
রাত গভীর হওয়ায় (প্রতিবেদন লেখার সময় রাত সোয়া ১টা) এই ঘটনায় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে রেলক্রসিংয়ের নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিয়ে।
এসএস