শ্বশুরবাড়িতে কেটেছে মেহজাবীনের বিয়ের পর প্রথম জন্মদিন
ছবি : সংগৃহীত
১১:৪২ এএম | ২০ এপ্রিল, ২০২৫
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন মেহজাবীন চৌধুরী। এরপর এক যুগের বেশি সময় ধরে ছোট পর্দায় নিজের অভিনয় দক্ষতায় দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। নাটক, বিজ্ঞাপন কিংবা বিশেষ দিবসের টেলিফিল্ম—প্রতিটি ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র উপস্থিতি জানান দিয়েছেন। পাশাপাশি বড় পর্দায়ও তার অভিষেক তাকে নতুন পরিচিতি এনে দিয়েছে।
তবে ক্যারিয়ারের পাশাপাশি মেহজাবীনের ব্যক্তিগত জীবনও এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্কের পূর্ণতায় গত ২৩ ফেব্রুয়ারি পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন তিনি। এখন সুখের সংসারেই সময় কাটাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
গত শুক্রবার (১৮ এপ্রিল) ছিল মেহজাবীনের জন্মদিন। বিয়ের পর এটিই ছিল তার প্রথম জন্মদিন, যা নিয়ে অভিনেত্রীর ছিল বিশেষ পরিকল্পনা। তিনি বলেন, “বিয়ের পর পরই শ্বশুরবাড়িতে উঠেছি। এবারের জন্মদিন যথারীতি স্বামীর বাড়িতে যেমন সময় কাটবে, তেমনি আমার বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও দিনটি বিশেষভাবে উদযাপন করব ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন—আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুখে রাখেন।”
উল্লেখ্য, মেহজাবীনের অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এরপর ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আনলিমিটেড’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
ক্যারিয়ার ও সংসার—দুই দিকেই বর্তমানে ব্যস্ত ও পরিপূর্ণ সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।
এসএস/এসএন