রাম চরণ-সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা নিয়ে গুঞ্জন, জানুন আসল সত্য
ছবি : সংগৃহীত
০১:২০ পিএম | ২০ এপ্রিল, ২০২৫
‘গেম চেঞ্জার’ দিয়ে বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে না পারায় কিছুটা হতাশ ছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার রাম চরণ। সেই ধাক্কা সামলে নতুন উদ্যমে কাজ করছেন ‘পেডি’ নামে একটি ছবিতে, যা পরিচালনা করছেন বুচি বাবু সানা। এরপর তিনি কাজ করবেন ‘পুষ্পা’ খ্যাত নির্মাতা সুকুমারের সঙ্গে একটি অ্যাকশনধর্মী সিনেমায়।
এই দুই প্রকল্পের মাঝখানে রাম চরণের হাতে কিছুটা সময় ফাঁকা রয়েছে। এমন সময়েই গুঞ্জন উঠে, তিনি নাকি ‘অ্যানিমেল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে একটি নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন। যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সিনে নিউজপোর্টাল সিনেজোশ এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের সূত্র মতে, রাম চরণ সত্যিই নতুন একটি গল্পে আগ্রহ প্রকাশ করেছেন, তবে পরিচালক এখনও চূড়ান্ত হয়নি। প্রযোজনা সংস্থাটি সন্দীপ রেড্ডিকে চাইছে বলেই এমন গুজব ছড়িয়েছে।
অন্যদিকে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা বর্তমানে ব্যস্ত ‘স্পিরিট’ ছবির কাজ নিয়ে, যেখানে প্রভাস প্রধান চরিত্রে অভিনয় করছেন। প্রভাসের শারীরিক অসুস্থতার কারণে এর শুটিং পিছিয়েছে। এরপর তিনি হাত দেবেন ‘অ্যানিমেল’ ছবির সিক্যুয়েল ‘অ্যানিমেল পার্ক’-এর কাজে। ফলে তার শিডিউল এখনই রাম চরণের জন্য খালি নয় বলেই ধারণা করা হচ্ছে।
সবমিলিয়ে, রাম চরণ ও সন্দীপ রেড্ডি ভাঙ্গার জুটি হওয়া আপাতত গুঞ্জনেই সীমাবদ্ধ—এখনো কিছুই নিশ্চিত নয়। তবে রাম চরণের হাতে একাধিক বড় বাজেটের প্রজেক্ট থাকায় ভক্তদের জন্য আশার আলো এখনো জ্বলছে।
এসএস/এসএন