'বাহুবলী’ নির্মাতার নতুন চমক, প্রিয়াঙ্কার বিপরীতে থাকছেন মহেশ বাবু
ছবি: সংগৃহীত
০১:২৮ পিএম | ২০ এপ্রিল, ২০২৫
নতুন প্রজন্মের দর্শকদের রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে আরও একবার বড় পর্দায় ফিরছেন ‘বাহুবলী’ খ্যাত পরিচালক এস.এস. রাজামৌলি। তার পরবর্তী সিনেমা ‘এসএসএমবি২৯’-এ প্রধান ভূমিকায় থাকছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তাঁর সঙ্গে অভিনয় করবেন বলিউডের আন্তর্জাতিক মুখ প্রিয়াঙ্কা চোপড়া ও দক্ষিণী সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারণ।
এই সিনেমাটি ইতিমধ্যেই শিরোনামে এসেছে এর বিশাল বাজেট এবং চমকপ্রদ অ্যাকশন দৃশ্যের জন্য। ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবিটির একটি দৃশ্যে অংশ নেবেন প্রায় ৩ হাজার শিল্পী। নৌকার পটভূমিতে ধারণ করা এই অ্যাকশন দৃশ্যে থাকবে আগুন ও পানির ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতি, যা দর্শকদের চোখে ধাঁধা লাগাবে।
প্রতিটি দৃশ্যের জন্য আলাদা বাজেট বরাদ্দ করা হয়েছে, বিশেষ করে অ্যাকশনের জন্য থাকছে বিশাল আয়োজন। রাজামৌলির আগের কাজগুলোর মতোই এই ছবিতেও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও ভিজ্যুয়াল এফেক্টে থাকবে অভাবনীয় চমক।
এই অ্যাকশন দৃশ্যের প্রস্তুতি শুরু হবে চলতি মাসের শেষ দিকে। মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারণ ইতিমধ্যেই ফিজিক্যাল ট্রেনিং শুরু করার জন্য প্রস্তুত। দৃশ্যটির শুটিং হবে হায়দরাবাদে, মে বা জুন মাসে।
বিশাল বাজেটে নির্মিত এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৭ সালে। অনেকেই ধারণা করছেন, এটি হতে পারে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় অ্যাকশন সিনেমা প্রজেক্ট।
আরআর/এসএন