কিংবদন্তি অভিনেত্রী রোজিনার জন্মদিন আজ
ছবি : সংগৃহীত
০২:৪৩ পিএম | ২০ এপ্রিল, ২০২৫
বাংলাদেশের সিনেমার স্বর্ণযুগের অন্যতম মুখ, অভিনেত্রী রোজিনা আজ তাঁর জন্মদিন উদযাপন করছেন। ১৯৫৫ সালের ২০ এপ্রিল, রাজবাড়ীর গোয়ালন্দে জন্মগ্রহণ করেন এই বরেণ্য শিল্পী।
চলচ্চিত্রে রোজিনার যাত্রা শুরু হয় ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘জানোয়ার’ সিনেমার মাধ্যমে। প্রথম ছবিতেই নজর কাড়েন নির্মাতাদের এবং এরপর একের পর এক সিনেমায় অভিনয়ের সুযোগ পান।
‘রাজমহল’ সিনেমায় একক নায়িকা হিসেবে তার পারফরম্যান্স তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা ও অসংখ্য ছবির প্রস্তাব। তিনি ছিলেন মেইনস্ট্রিম গ্ল্যামারাস নায়িকা, তবে পাশাপাশি অভিনয় দক্ষতার জন্যও পেয়েছেন স্বীকৃতি।
১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কসাই’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরে, ১৯৮৮ সালে ‘জীবন ধারা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্যও তিনি জাতীয় পুরস্কারে ভূষিত হন।
দেশের বাইরেও রোজিনা তার অভিনয় দক্ষতার পরিচয় রেখেছেন। তিনি অভিনয় করেছেন কলকাতা ও পাকিস্তানের সিনেমায়। পাকিস্তানি সিনেমা ‘হাম দো হায়’-এ অভিনয়ের জন্য পেয়েছেন সে দেশের জনপ্রিয় ‘নিগার অ্যাওয়ার্ড’, যা দক্ষিণ এশিয়ায় তার পরিচিতিকে আরও বিস্তৃত করেছে।
প্রায় ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন রোজিনা। অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করেছেন তিনি। তার পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘ফিরে দেখা’ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে, যা প্রমাণ করে গল্প বলার দক্ষতায়ও তিনি সমানভাবে পারদর্শী।
সময়ের সঙ্গে সঙ্গে সিনেমা জগতে তার উপস্থিতি কমে এলেও, রোজিনা এখনো সংস্কৃতি অঙ্গনের একজন সম্মানিত মুখ। তার অভিনীত চলচ্চিত্রগুলো নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত।
এসএস/এসএন