'টোয়াইলাইট' অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট গোপনে বিয়ে করলেন দীর্ঘদিনের সঙ্গীকে
ছবি: সংগৃহীত
০৪:৫৯ পিএম | ২১ এপ্রিল, ২০২৫
প্রেম করেছেন দীর্ঘদিন। বাগদানও সেরেছেন আগেই। এবার গোপনেই বিয়ে সারলেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। দীর্ঘদিনের বান্ধবী ডিলান মেয়ারকে বিয়ে করেছেন স্টুয়ার্ট।
খুব কাছের কিছু বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতে নিজেদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এ সমকামী যুগল।
২০১৯ সালের অক্টোবর মাসে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ক্রিস্টেন ও ডিলান। ২০২১ সালে বাগদান সেরেছিলেন তারা। ডিলান মেয়ার একজন চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র প্রযোজক, যিনি সায়েন্স ফিকশন সিরিজ ‘মিস ২০৫৯’-এর চিত্রনাট্য লিখেছেন।
টিএমজেড-এর প্রতিবেদন অনুসারে, বিয়ের খবর গোপনই রেখেছিলেন ক্রিস্টেন ও ডিলান। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস থেকে বিয়ের শংসাপত্র পেয়েছেন। তার পরেই লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতে বিয়ে সেরেছেন তারা।
দুজনের বিয়েতে খুব ঘনিষ্ঠ পরিজনেরা উপস্থিত ছিলেন। বন্ধুদের মধ্যে অভিনেত্রী অ্যাশলে বেনসন ও তার স্বামী ব্র্যান্ডন ডেভিস উপস্থিত ছিলেন। বিয়েতে যাতে গোপনীয়তা বজায় থাকে সেই দিকে বিশেষ সতর্কতা বজায় রাখা হয়েছিল।
টিএমজেড-এর রিপোর্টে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, বিয়েতে ক্রিস্টেন পরেছিলেন ছাই রঙের একটি পোশাক। খোলা চুলেই এসেছিলেন বিয়ের মঞ্চে।
অন্য দিকে ডিলান পরেছিলেন সাদা রঙের ছোট একটি পোশাক।
আরএম/টিএ