নেত্রকোনায় ধান কাটার সময় বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের
ছবি : সংগৃহীত
০৮:৫৪ পিএম | ১২ মে, ২০২৫
নেত্রকোনার দুর্গাপুরে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষক মারা গেছেন।
সোমবার (১২ মে) বিকেলে চন্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত খালেক গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম।
ইউপি সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল খালেক বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে ধান কাটার কাজ করছিলেন। এরই মধ্যে দিনভর থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনাও ঘটেছে। বিকেলে ধানক্ষেতে কৃষক খালেকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। সে সময় তারা চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন দেখে বুঝতে পারে তিনি বজ্রাঘাতে মারা গেছেন।
ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘মারা যাওয়া খালেকের ছেলে-মেয়েরা ঢাকায় থাকে তারা এলে জানাজা হবে।’
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘নোয়াগাঁও গ্রামে বজ্রাঘাতে আব্দুল খালেক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
আরএ/টিএ