© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন:
বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৬ এএম | ২০ মে, ২০২৫
কুমিল্লায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ মে) রাতে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বাদী হয়ে ৫ জনের নাম উল্লখ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন— কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকার বাসিন্দা রশিদ মিয়ার ছেলে মো. মহসিন (৩২), আশ্রাফপুর (ইয়াছিন মার্কেট) এলাকার সালাহ উদ্দিন রকি (৩০), শাসনগাছা দাফাদার বাড়ি এলাকার মো. সোহাগ হোসেন (৩০), কালিয়াজুরি এলাকার সাইফুল ইসলাম (২৫) এবং আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের শ্রীপুর গ্রামের মারুফ আহমেদ (২৪)।

মামলার বিবরণে বলা হয়, গত ১৫ মে কুমিল্লা মহানগর ও কুমিল্লা (দ.) জেলার ছাত্রদলের কমিটি ঘোষণার পর থেকেই অভিযুক্ত বিবাদীরা নিজেদেরকে ত্যাগী নেতাকর্মী, কারা নির্যাতিত ও পদবঞ্চিত ছাত্রদলের কর্মী দাবি করে কুমিল্লা মহানগর ও (দ.) জেলা ছাত্রদলের সদ্যঘোষিত কমিটি বাতিল করাসহ কুমিল্লা শহরে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে গভীর ষড়যন্ত্র করতে থাকে।

এরই ধারাবাহিকতায় গত ১৭ মে তারা বিভিন্ন প্রকারের অবৈধ আগ্নেয়াস্ত্র, ধারালো চাপাতি, ছেনী, লাঠি-সোটা, রড ইত্যাদি নিয়ে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যলয়ের সামনে বিদ্বেষ ও উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা বিএনপির কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হবে।

এসএম/এসএন

মন্তব্য করুন