© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোবাইল চুরির অভিযোগে ব্যবসায়ীকে হত্যার দায়ে ৩ জন গ্রেফতার

শেয়ার করুন:
মোবাইল চুরির অভিযোগে ব্যবসায়ীকে হত্যার দায়ে ৩ জন গ্রেফতার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১২ পিএম | ২৬ মে, ২০২৫
গাজীপুরের কোনাবাড়ীতে মোবাইল ফোন চুরির সন্দেহে মৌসুমী ফল ব্যবসায়ী জুয়েল তালুকদার (৪৩)কে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামের মৃত আব্দুল হাই আকন্দের ছেলে রফিকুল ইসলাম রনি (৪২), তার স্ত্রী ছালমা বেগম (৩৭) এবং গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (হরিণাচালা) এলাকার মৃত মেহের আলীর ছেলে এস এম রফিকুল ইসলাম (৬০)। নিহতের স্ত্রী কোনবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ রোববার (২৫ মে) কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। সোমবার (২৬ মে) সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, নিহত জুয়েল তালুকদার নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া বাজার এলাকার কছিমুদ্দিন তালুকদারের ছেলে। তিনি গত ছয় বছর যাবৎ আমতলা (পারিজাত) এলাকায় হোসেন আলীর বাসায় ভাড়া থেকে চাকরি করেছে। সম্প্রতি জন্ডিস রোগে অসুস্থ হয়ে পড়ায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং মাঝে মধ্যে মৌসুমি ফলের ব্যবসা করতেন। রোববার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় মহানগরীর কোনাবাড়ীর আমতলা (পারিজাত) এলাকায় মোবাইল চোর সন্দেহ তাকে পিটিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় গুরুতর আহত আব্দুল হককে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

আরএ/এসএন

মন্তব্য করুন