© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাঙ্গাইলে ২০ লাখ টাকার সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাই

শেয়ার করুন:
টাঙ্গাইলে ২০ লাখ টাকার সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৩ পিএম | ৩০ মে, ২০২৫
টাঙ্গাইলের মির্জাপুরে ২০ লাখ টাকার ৬০ ড্রাম সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাত সোয়া তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস ওভারব্রিজের পূর্বপাশ থেকে ছিনতাইকারীরা তেলভর্তি ট্রাক ছিনতাই করে।

ছিনতাইকারীরা ট্রাকের চালক ও হেলপারের হাত, পা ও মুখ বেঁধে মহাসড়কের ডুবাইল এলাকায় ফেলে রাখে। পরে মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে বলে জানা গেছে।

পুলিশ ও ট্রাকের মালিক জানান, বৃহস্পতিবার বিকেলে চট্রগ্রামের মিল্লাত ট্রান্সপোর্ট থেকে ২০ লাখ টাকার ৬০ ড্রাম সয়াবিন তেল (ঢাকা-মেট্রো-ট-২৪-৪৮২৯) ট্রাকে ভর্তি করে বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশে রওনা করেন। রাত সোয়া তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস ওভারব্রিজে উঠতে চালক গাড়িটি স্লো করেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী একটি মিনি ট্রাক নিয়ে তেলভর্তি ট্রাকটির গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা তেলভর্তি ট্রাকের দুই পাশের গ্লাস ভেঙে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে মিনি ট্রাকে উঠিয়ে টাঙ্গাইলের দিকে যাত্রা করেন।

অন্য ছিনতাইকারীরা তেলভর্তি ট্রাক নিয়ে চম্পট দেয়। ছিনতাইকারীরা চালক ও হেলপারকে মারপিট করে মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল নামক স্থানে ফেলে রাখে। রাত ৪টার দিকে মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করেন।

ট্রাকের চালক নওগাঁ সদরের আলাউদ্দিনের ছেলে আলআমিন ও হেলপার একই এলাকার বাবু মিয়ার ছেলে টিটু প্রাথমিক চিকিৎসা শেষে মির্জাপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ট্রাকের মালিক বলেন, ‘চট্রগ্রামের মিল্লাত ট্রান্সপোর্ট থেকে ২০ লাখ টাকার ৬০ ড্রাম সয়াবিন তেল নিয়ে দুপচাঁচিয়া আসার পথে মির্জাপুর বাইপাস এলাকা থেকে তেলসহ ট্রাক ছিনতাই হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘ট্রাক ও তেল উদ্ধারে পুলিশ কাজ করছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আরআর/টিএ

মন্তব্য করুন