© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেকনাফ সীমান্তে ফের গ্রেনেড ও তাজা গোলার চালান জব্দ

শেয়ার করুন:
টেকনাফ সীমান্তে ফের গ্রেনেড ও তাজা গোলার চালান জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৯ পিএম | ৩১ মে, ২০২৫
কক্সবাজারের টেকনাফ সীমান্তের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকা থেকে গ্রেনেড ও তাজা গোলার একটি চালান জব্দ করা হয়েছে।

শনিবার (৩১ মে) সকালে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড ও তাজা গোলার চালানটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের বন বিভাগের নেচার পার্কের পুকুরে অস্ত্রশস্ত্র বোঝাই একটি বস্তা থাকার গোপন সংবাদ পেয়ে কোস্ট গার্ড ও পুলিশের একটি যৌথ দল আজ ভোর বেলায় পুকুরটি ঘিরে ফেলে।

এরপর নেচার পার্কের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পুকুরটিতে বিশেষ ব্যবস্থায় ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে অস্ত্র বোঝাই একটি বস্তা জব্দ করা হয়।

কমান্ডার হারুন-অর-রশীদ আরো বলেন, বস্তাটির ভিতর থেকে ১০ টি হ্যান্ড গ্রেনেড ও ১০টি হ্যান্ড গ্রেনেড এর ডেটোনেটর জব্দ করা হয়। অভিযানে এরপর পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গোলা, ২ রাউন্ড পিস্তলের গোলা ও ২ লিটার দেশীয় বাংলা মদ জব্দ করা হয়। অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিষ্ফোরক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে গত ২০ মে কোস্ট গার্ড অপর এক অভিযানে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকা থেকে আরো একটি ভারি অস্ত্রের চালান জব্দ করেছিল। ওই চালানে একটি বিদেশি জি থ্রি রাইফেল, ২টি জি থ্রি ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, একটি দেশীয় ২ নণা বন্দুক, ৩ টি দেশীয় একনলা বন্দুক এবং ৯৭৫ রাউন্ড জি থ্রি রাইফেলের তাজা গোলা ছিল। মায়ানমার থেকে পাচারকারীরা চালানটি পাচার করছিল বলে জানায় কোস্টগার্ড।

আরআর

মন্তব্য করুন