বেশি দামে বিক্রির আশায় কোরবানির পশু নিয়ে রাজধানীমুখী খামারি ও ব্যাপারীরা
ছবি: সংগৃহীত
১২:২৮ পিএম | ০৪ জুন, ২০২৫
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর কোরবানির হাটগুলোতে পশু সরবরাহ শুরু করেছেন দেশের বিভিন্ন অঞ্চলের খামারি ও ব্যাপারীরা। যানজট এড়াতে এবং হাটে ভালো স্থান পেতে অনেকেই আগেভাগেই পশু নিয়ে ঢাকামুখী হয়েছেন। মূলত বেশি দামে বিক্রির আশায় খামারি ও ব্যাপারীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু গরু ও ছাগল ঢাকায় বিক্রির জন্য ট্রাক ও নৌকায় করে নিয়ে যাচ্ছে।
রাজধানীতে গরু নিয়ে যাওয়া বিষয়ে পাবনার চাটমোহরের একজন খামারি জানান, ঢাকায় পৌঁছাতে সময় বেশি লাগার কারণে মাঝে মাঝে গরু অসুস্থ হয়ে পড়ে। এছাড়া নদীপথে পরিবহনের সময় দুর্ঘটনায় পশু মারা যাওয়ার ঘটনাও ঘটে। হাটে জায়গা পাওয়া কঠিন হওয়ায় আগেভাগেই পশু নিয়ে রওনা হয়েছেন তিনি। এবারে দেশি জাতের ১১টি গরু নিয়ে ঢাকায় যাচ্ছেন।
চাটমোহর হান্ডিয়াল বড়বেলাই গ্রামের আরেকজন খামারি বলেন, দেশে সব ধরনের সামগ্রীর দাম বৃদ্ধির সাথে গো-খাদ্যের দামও অনেক বেড়েছে। একটা গরু মোটাতাজা করতে অনেক খরচ হচ্ছে। বাজারে ভালো দাম না পেলে খামারিরা লোকসানে পড়বে। আশা করছি এ বছর কোরবানির পশু ভালো দামে বিক্রি করতে পারব।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, চাটমোহর উপজেলায় ৩ হাজার ৯০৫ জন খামারি রয়েছেন। এ উপজেলায় কোরবানির জন্য ৩২ হাজার ২২৩টি পশুর চাহিদা রয়েছে। পক্ষান্তরে কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে ৬৪ হাজার ৬৭১টি।
এসএম/টিএ