গণঅধিকার পরিষদের ঈদ শুভেচ্ছা ব্যানার লাগানোর সময় যুবদল নেতাদের হামলা
ছবি: সংগৃহীত
০২:৪১ এএম | ০৭ জুন, ২০২৫
পটুয়াখালীর বাউফলে গণঅধিকার পরিষদের ঈদ শুভেচ্ছা ব্যানার লাগানোর সময় শফিকুল ইসলাম রানা (৪০) নামের উপজেলা কমিটির এক সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাদের বিরুদ্ধে।
শুক্রবার (০৬জুন) সন্ধ্যায় বাউফল-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বিলবিলাস বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।
হামলার প্রতিবাদে রাত সাড়ে ১০ টায় থানা সংলগ্ন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন বাউফল উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় তারা সদর ইউনিয়ন যুবদলের নেতা ফরিদ গাজী ও জুয়েল গাজীর বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন।
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ গণমাধ্যমকে বলেন, ঈদুল আজহার পোস্টার লাগাতে গেলে ফরিদ গাজী নামের সাবেক যুবদল নেতার নেতৃত্বে জুয়েল গাজীসহ ৫-৭ জন অতর্কিত হামলা চালায়। এ সময়, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বাউফল থানায় মামলার আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আরএম