© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভর্তি হয়ে ফিরছে ট্রেন, বাড়িফেরার যাত্রা হচ্ছে স্বস্তিতে

শেয়ার করুন:
ভর্তি হয়ে ফিরছে ট্রেন, বাড়িফেরার যাত্রা হচ্ছে স্বস্তিতে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৭ পিএম | ১২ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে ম

পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। সরকারি ছুটি আরও দুইদিন আছে। তাই ঢাকায় ফেরাদের বেশিরভাগই বেসরকারি চাকরিজীবী। অন্যদিকে আজও অনেকে নাড়ির টানে ফিরছেন বাড়িতে।

বৃহস্পতিবার (১২ জুন) কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

স্টেশন ঘুরে দেখা যায়, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে আজও অনেকে বাড়ি যাচ্ছেন। নির্ধারিত সময়েই প্রতিটি ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে, ফিরেও আসছে সঠিক সময়ে। তবে যাত্রীবোঝাই হয়ে ট্রেন ঢাকায় ফিরছে, আর ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ট্রেনগুলোতে যাত্রী অনেকটাই কম। ফলে বাড়িফেরার যাত্রা হচ্ছে স্বস্তিতে।

স্টেশনে কথা হয় চাকরিজীবী আবদুল কাইয়ুমের সঙ্গে। তিনি বলেন, ঈদে অফিসে ডিউটি করতে হয়েছে, ছুটি মেলেনি। এখন ছুটি পাওয়াতে বাড়ি ফিরছি।

আরেক যাত্রী সায়েম আহমেদ বলেন, ঢাকায় কোরবানি, পাশাপাশি অফিস নিয়ে ব্যস্ততায় ছিলাম। এখন তা কমতেই বাড়ি ফিরে যাচ্ছি। 
 
এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ট্রেনগুলোতে যাত্রীর পরিমাণ কম হলেও উল্টো চিত্র ঢাকাগামী ট্রেনগুলোর। প্রতিটি ট্রেনই যাত্রীবোঝাই হয়ে ফিরছে, বাদ যায়নি ট্রেনের ছাদও। তবে সেবার মান নিয়ে কেউ তেমন কোনো অভিযোগ করেননি।  

গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসা যাত্রী হাসান জয় বলেন, ফিরতে তেমন কোনো কষ্ট হয়নি। তবে আরও কিছুদিন পরিবারের সঙ্গে কাটাতে পারলে ভালো লাগতো।

যাত্রী মোবারক হোসেন বলেন, ঈদের ছুটি শেষ হয়ে গেছে। অফিস করার জন্য চলে আসতে হলো।

পরিবারসহ ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন মোস্তফা জামান। তিনি বলেন, আনন্দ সহকারে গ্রামে ঈদ কাটিয়েছি। তবে চাইলেও তো বেশিদিন থাকা যায় না, কাজকর্ম শুরু হয়ে গেছে। তাই চলে এলাম।

এদিকে যাত্রীসেবা নিশ্চিত করতে স্টেশনে রেলকর্মীদের যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি দেখা গেছে রেলওয়ে পুলিশকেও।

এসএন 

মন্তব্য করুন