© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণপরিবহন না পেয়ে ঈদ-ফেরত যাত্রীদের ভোগান্তি চরমে

শেয়ার করুন:
গণপরিবহন না পেয়ে ঈদ-ফেরত যাত্রীদের ভোগান্তি চরমে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৩ পিএম | ১৪ জুন, ২০২৫

<div>কোরবানির ঈদের ছুটি শেষে কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানী ঢাকা। সরকারি অফিস-আদ

কোরবানির ঈদের ছুটি শেষে কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানী ঢাকা। সরকারি অফিস-আদালত খুলছে রোববার (১৫ জুন)। তাই আজ (শনিবার) সকাল থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন ঈদে গ্রামের বাড়িতে যাওয়া মানুষরা। তবে, রাজধানীতে ফিরে গণপরিবহন সংকটের কারণে বেকায়দায় পড়েছেন তারা।

ঢাকার প্রবেশমুখে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে সায়েদাবাদ, যাত্রাবাড়ী, টিটিপাড়াসহ আশপাশের বাস টার্মিনাল ও কাউন্টারগুলোতে সকাল থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো একের পর এক ঢুকছে রাজধানীতে। তবে বাস থেকে নেমেই দুর্ভোগে পড়তে হচ্ছে অনেককেই।

গণপরিবহন সংকটে দুর্ভোগ

ঢাকায় নামার পর সবচেয়ে বড় সমস্যায় পড়ছেন গণপরিবহন পেতে। বাস কাউন্টারে নামার পর যাত্রীরা দেখছেন, রাজধানীতে চলাচল করা বাসের সংখ্যা খুবই কম। অনেক সময় বাস এলেও তা ছিল যাত্রীতে ঠাসা।

ঈদের পর কর্মদিবস শুরুর আগের দিন হওয়ায় এমনিতেই চাপ বেশি। তার ওপর গণপরিবহনের এই সংকট ঢাকায় ফেরত মানুষের ভোগান্তিকে আরও বাড়িয়ে তুলেছে।

বিভিন্ন বাস কাউন্টার এলাকায় দেখা গেছে, একাধিক পরিবার শিশু ও লাগেজসহ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। কেউ কেউ বাধ্য হয়ে রিকশা বা সিএনজি অটোরিকশার দ্বারস্থ হচ্ছেন। তবে ভাড়া বেশি বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।

কুমিল্লা থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে আসা ফিরোজা বেগম নামের একজন যাত্রী গণমাধ্যমকে বলেন, দুপুর ২টায় বাস থেকে নেমেছি। আধা ঘণ্টা দাঁড়িয়েও এখনো বাস পাইনি। ছেলে আর ব্যাগ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। সিএনজিতে ভাড়া বেশি চাচ্ছেন।

একই ধরনের অভিযোগ করেন চট্রগ্রাম থেকে আসা আসাদুল ইসলাম নামের আরেক যাত্রী। তিনি গণমাধ্যমকে বলেন, শুধু ঢাকায় পৌঁছালেই তো হলো না। বাসা পর্যন্ত যেতে হবে। কিন্তু বাসতো কম। যা চলছে তাতেও সিট নেই।


পিএ/এসএন 

মন্তব্য করুন