© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে বিয়েবাড়িতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

শেয়ার করুন:
রাজশাহীতে বিয়েবাড়িতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৩ পিএম | ১৪ জুন, ২০২৫
রাজশাহীর পুঠিয়ায় ভ্যানে করে বিয়েবাড়িতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সঞ্চিতা রাণী (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় ভ্যান চালক, শিশুসহ আহত হয়েছে আরো ৭ জন যাত্রী।

আজ শনিবার (১৪ জুন) দুপুর ২টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে উপজেলার গাওপাড়া ঢালান বাজার সেনভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্চিতা রাণী নাটোরের কালিকাপুর এলাকার বাসিন্দা ও একই এলাকার মিলন নামের এক ব্যক্তির স্ত্রী।

আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের কালিকাপুর এলাকা থেকে দুটি ভ্যানে চড়ে শিশুসহ ৮-১০ জন রাজশাহীর পুঠিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে গাওপাড়া ঢালান বাজার সেনভাগ এলাকায় পৌঁছালে বাঁশ বোঝাইকৃত একটি ট্রাক পেছন থেকে তাদের ভ্যান গাড়িতে ধাক্কা দেয়। এতে দুইটি ভ্যানের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে।

এ সময় ট্রাকচাপায় পিষ্ট হয়ে সঞ্চিতা রানী ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্রাকচাপায় পিষ্ট হয়ে নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নবীন। তিনি জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

তবে গাড়িটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএম/টিকে   

মন্তব্য করুন