© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিলিস্তিনের সমর্থনে সভার ডাক দিয়ে বিতর্কে স্বরা ভাস্কর

শেয়ার করুন:
ফিলিস্তিনের সমর্থনে সভার ডাক দিয়ে বিতর্কে স্বরা ভাস্কর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫১ এএম | ১৭ জুন, ২০২৫
কোনও বিষয়ে মন্তব্য করলেই বিতর্কে জড়িয়ে যান স্বরা ভাস্কর। আরও এক বার সেই ঘটনার পুনরাবৃত্তি। গাজা-সহ ফিলিস্তিনের জন্য একটি মিছিলের প্রচার করে বিপাকে পড়লেন অভিনেত্রী।

গাজা ও সমগ্র ফিলিস্তিনের সংহতির জন্য মুম্বাইয়ের আজাদ ময়দানে একটি সভার আয়োজন করা হয়েছে। সমাজমাধ্যমে সেই সভার হয়ে প্রচার করেছেন স্বরা ভাস্কর। এই সভার আয়োজন করেছে সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি, সমাজবাদী পার্টি-সহ আরও বেশ কয়েকটি বাম দল। সভার পোস্টার সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে সকলকে উপস্থিত থাকার বার্তা দিয়েছেন স্বরা। তিনি লিখেছেন, “মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সকলে ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।” তার পরেই তার দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। আবার অনেকেই সমর্থনও জানিয়েছেন অভিনেত্রীকে।



এক নিন্দক স্বরাকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন, “পহেলগাম, বাংলাদেশি হিন্দু, সিরিয়া ও সুদানের খ্রিস্টান, পাকিস্তানের হিন্দু— এদের সকলকে ছেড়ে ইনি চিন্তায় পড়েছেন ফিলিস্তিনিদের  নিয়ে। মুসলিমদের প্রতি যদি এত ভালবাসা থেকেই থাকে, তা হলে বালোচ মুসলিমদের জন্যও একটু সরব হন। কিন্তু সেটাই বা কী ভাবে করবেন? তা হলে তো রাজনীতিগত দিক থেকে পাকিস্তানের বিরোধিতা করতে হবে!”

আর এক নিন্দকের প্রশ্ন, “পহেলগাম কাণ্ডের সময়ে তো এত কিছু করেননি। পহেলগাম-এর নিহতদের জন্য তো কখনও মুম্বাইবাসীদের ডাক দেননি!” আর একজনের কথায়, “আপনি ফিলিস্তিনে গিয়ে লড়াইটা করুন। এখানে বসে সভা করে কিছু হবে না।” তবে এর পাশাপাশি স্বরার কয়েক জন অনুরাগী তার সমর্থনেও এগিয়ে এসেছেন। এখনও এই কটাক্ষ নিয়ে কোনও মন্তব্য করেননি স্বরা।

কেএন/এসএন

মন্তব্য করুন