© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইমতিয়াজ আলীর নতুন প্রেমকাহিনিতে আসছে শর্বরী ও বেদাং রায়না

শেয়ার করুন:
ইমতিয়াজ আলীর নতুন প্রেমকাহিনিতে আসছে শর্বরী ও বেদাং রায়না

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০০ পিএম | ১৭ জুন, ২০২৫
আবারও বড়পর্দায় প্রেমের নতুন অধ্যায় লিখতে ফিরছেন বলিউডের খ্যাতনামা পরিচালক ইমতিয়াজ আলী। এই নির্মাতা নিজের হাতে লিখেছেন গল্প, নিজেই পরিচালনা করছেন নতুন এই ছবি, যেখানে এক ফ্রেমে এক হচ্ছেন দিলজিৎ দোসাঞ্জ, নাসিরউদ্দিন শাহ, বেদাং রায়না আর শর্বরী। আগামী বৈশাখী ২০২৬-এ মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এ সিনেমা।

ইমতিয়াজের কথায়, এটি হবে এক অনন্য প্রেমের গল্প— ঘনিষ্ঠ, অথচ বিস্তৃত, যা ছুঁয়ে যাবে পুরো দেশের আবেগকে। গল্পে থাকছে এক ছেলে আর এক মেয়ের ভালোবাসা, যার ছায়ায় ফুটে উঠবে ব্যক্তিগত বেদনা, স্মৃতি আর আত্মপরিচয়ের লড়াই। পুরো ছবির আবহকে আরও গভীর করেছে উর্দু কবি মোমিন খাঁ মোমিনের লাইন— ‘তুম মেরে পাস হোতে হো গোয়া, জব কোই দোসরা নহি হোতা’। এক লাইনে ফুটে উঠেছে একাকিত্ব আর প্রেমের দার্শনিক বোধ।

‘চমকিলা’র সাফল্যের পর আবারও ইমতিয়াজের সঙ্গে কাজ করতে যাচ্ছেন দিলজিৎ দোসাঞ্জ। আর প্রথমবারের মতো ইমতিয়াজের ফ্রেমে ধরা দেবেন গুণী অভিনেতা নাসিরউদ্দিন শাহ। নতুন প্রজন্মের বেদাং রায়না আর শর্বরী ও থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।







সব ঠিক থাকলে ২০২৫ সালের অগাস্টেই শুরু হবে শুটিং। আর ইমতিয়াজের ছবিতে গান মানেই আলাদা আকর্ষণ। এই ছবিতেও ফিরছে সেই জাদুকরী ত্রয়ী— সুরকার এ আর রহমান, গীতিকার ইর্শাদ কামিল আর নির্মাতা ইমতিয়াজ আলী। ‘তামাশা’, ‘রকস্টার’, ‘হাইওয়ে’ আর ‘চমকিলা’র পর ফের একসঙ্গে এই ত্রয়ী মানেই ভক্তদের প্রত্যাশার সীমা নেই।

এরই মধ্যে ইমতিয়াজের পরিচালনায় নেটফ্লিক্সে আসছে নতুন সিরিজ ‘ও সাথি রে’, যেখানে থাকছেন অর্জুন রামপাল, আদিতি রাও হায়দারি ও অভিনাশ তিওয়ারি। বর্তমান সম্পর্ক আর তার জটিলতা ঘিরেই আবর্তিত হবে এই সিরিজের গল্প, যেখানে থাকবে ইমতিয়াজের চেনা আবেগের ছাপ।

সব মিলিয়ে নতুন ছবি নিয়ে সিনেমাপ্রেমীরা আশাবাদী— দিলজিৎএর সহজাত অভিনয়, নাসিরউদ্দিন শাহর অভিজ্ঞতা আর ইমতিয়াজের কবিতার মতো ভাবনার মিশেলে এই প্রেমের গল্প হয়ে উঠবে শুধু ছবি নয়, এক অবিস্মরণীয় অনুভূতি। আর রহমানের সুর তো থাকছেই মনের গভীরে দাগ কাটতে!

এসএম/টিকে

মন্তব্য করুন