© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৬৫ কোটি রুপির দুর্নীতিতে দিনো মোরিয়াকে ফের ইডিতে তলব

শেয়ার করুন:
৬৫ কোটি রুপির দুর্নীতিতে দিনো মোরিয়াকে ফের ইডিতে তলব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১০ এএম | ১৯ জুন, ২০২৫
মুম্বাইয়ের মিঠি নদীর পলি অপসারণ প্রকল্পের কোটি কোটি টাকার দুর্নীতি মামলার তদন্ত যতই এগোচ্ছে, ততই বিপাকে পড়ছেন বলিউড অভিনেতা দিনো মোরিয়া। প্রায় ৬৫ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির এই মামলায় ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগেও বয়ান রেকর্ড করতে অভিনেতাকে তলব করা হয়েছিল। তদন্ত সংস্থার ঘনিষ্ঠ সূত্রের খবর, শুধু দিনো মোরিয়া নন, তার ভাই স্যান্টিনো মোরিয়াকেও জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।

তলবের ঠিক আগের দিনই দিনো মোরিয়ার বান্দ্রার বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি অভিযান চালায় ইডি। অভিনেতার বাড়ির পাশাপাশি মুম্বাই ও কোচির মোট ১৪টি স্থানে চলে এই অভিযান। একইসঙ্গে দিনোর ভাই ও নির্মাতাসহ একাধিক মধ্যস্থতাকারীর বাড়িতেও হানা দেয় তদন্তকারী সংস্থা। এর আগেও মুম্বাই পুলিশের ইকোনমিক অপরাধ শাখা অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করেছিল। জানা যাচ্ছে, ইকোনমিক অপরাধ শাখার তদন্তে প্রায় ১৮ লাখ টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে।






যে সংস্থার মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে, সেই সংস্থার পরিচালক দিনো মোরিয়ার ভাই স্যান্টিনো মোরিয়া। মূল অভিযুক্ত কেতন কদমের কাছ থেকেই টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ। তদন্তকারীরা দাবি করেছেন, কেতন কদমের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করেছেন দিনো মোরিয়া ও তার ভাই। কললিস্ট বিশ্লেষণে সেই প্রমাণই উঠে এসেছে। আর তাতেই নতুন করে ইডির নজরে চলে এসেছেন বলিউড অভিনেতা।

প্রসঙ্গত, মুম্বাই নগরীর জন্য মিঠি নদী বরাবরই গুরুত্বপূর্ণ। শহরকে বন্যা থেকে রক্ষা করতে এই নদীর পলি সরানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে পলি অপসারণ ও সৌন্দর্যায়ন প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগেরই তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরকারি তহবিলের যে ক্ষতি হয়েছে, তার পূর্ণ হিসাব বের করতেই তল্লাশি ও জিজ্ঞাসাবাদ আরও জোরদার করা হচ্ছে।

এসএম/টিএ

মন্তব্য করুন