© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উত্তরায় র‍্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই, গ্রেফতার ৫

শেয়ার করুন:
উত্তরায় র‍্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই, গ্রেফতার ৫

ছবি: সংগৃহীত

শার্লিন
০৭:২৫ পিএম | ১৯ জুন, ২০২৫
রাজধানীর উত্তরায় র‌্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের কাছ থেকে নগদ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িও উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ির নাম্বার ধরে চাঞ্চল্যকর এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

১৪ জুন সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উত্তরা ১৩ নং সেক্টরের ১২ নং রোডে স্থানীয় ডিস্ট্রিবিউটর অফিসের এমডি আব্দুল খালেক নয়নের বাসা থেকে দুটি ব্যাগে ভরে দুটি মোটরসাইকেলে করে এক কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা নিয়ে রওনা দেন চারজন। গন্তব্য উত্তরা ১৩ সেক্টরের ১৩ নং রোডের ৪৯ নং বাসা, যেখানে উত্তরার নগদের ডিস্ট্রিবিউটরের অফিস। কিন্তু উত্তরা ১৩ সেক্টরের ১৩ নং রোডের ৩৭ নং বাসার সামনে বাম পাশে পৌঁছাতেই আগে থেকেই অবস্থান নেয়া কালো রঙের হাইস গাড়ি দুটি মোটরসাইকেলের গতিরোধ করে। পরে র‌্যাব পরিচয়ে ও র‌্যাবর কালো কটি পরিহিত ৮ থেকে ১০ জন অস্ত্রের মুখে চারজনকে জিম্মি করে ব্যাগ ছিনিয়ে নেয়।

অনেকটা ফিল্মি স্টাইলেই কালো কাপড়ে ছিনতাইকারীদের মুখ ছিল ঢাকা। অস্ত্রের মুখে তিনজনকে টাকার ব্যাগসহ গাড়িতে ওঠানো হয়। একজন দৌড়ে পালাতে সক্ষম হন। যদিও তার কাছে থাকা ব্যাগে ছিল মাত্র ১ লাখ ৯৮ হাজার টাকা।

চাঞ্চল্যকর এ ঘটনায় উত্তরা পশ্চিম থানা পুলিশ ছাড়াও তদন্ত করছে ডিবি পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঢাকা মেট্রো-উত্তর ও পুলিশের এলিট ফোর্স র‌্যাব।


এফপি/টিএ 

মন্তব্য করুন