© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ে তো যেন “ওল্ড স্কুল”: জয়া আহসান

শেয়ার করুন:
বিয়ে তো যেন “ওল্ড স্কুল”: জয়া আহসান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৮ পিএম | ২০ জুন, ২০২৫
মডেলিং, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র মিলিয়ে তিন দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন জয়া আহসান। দেশের পাশাপাশি ভারতের কলকাতায়ও ধারাবাহিকভাবে কাজ করছেন।

আজও একের পর এক কলকাতার সিনেমায় কাজ করে চলছেন। এখন কাটছে তাঁর দারুণ সময়। গত ঈদে দেশের প্রক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র।

এদিকে কলকাতায় আগামী ১৮ জুলাই মুক্তি পাবে ‘ডিয়ার মা’। এসব নিয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন নন্দিত এই অভিনয়শিল্পী। কাজ নিয়ে কথা বলার ফাঁকে ওঠে এসেছে বিয়ে ও ফেলে আসা সম্পর্কও।

ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ ও তানিম নূর পরিচালিত ‘উৎসব’। ‘তাণ্ডব’-এ জয়াকে দেখা গেছে প্রভাবশালী সাংবাদিকের চরিত্রে। অন্যদিকে ‘উৎসব’-এ তিনি করেছেন ভূতের চরিত্র। দুটি ছবি নিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহ বেশ ইতিবাচক।



সিনেমা প্রসঙ্গের বাইরে আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে জয়া আহসান কথা বলেন বিয়ে ও সম্পর্ক নিয়ে। ব্যক্তি সম্পর্কের জটিলতা বেড়েছে কি না, এমন প্রসঙ্গ উঠতেই জয়া বলেন, ‘এখন তো কেউ রিলেশনশিপেই যায় না! সিচুয়েশনশিপ...আর কী কী যেন আছে? এসব ভাবনায় সবকিছুই আছে। শুধু রিলেশনশিপটাই নেই।’

দীর্ঘদিন ধরে বৈবাহিক সম্পর্কে নেই জয়া আহসান। তাই বিভিন্ন সময়ে তাঁর সাক্ষাৎকারে ওঠে আসে বিয়ের প্রসঙ্গ। এবার বিয়ের প্রসঙ্গ উঠতেই জয়া বললেন, ‘বিয়ে তো যেন “ওল্ড স্কুল”। যা-ই হোক, এই জিনিসগুলো আসবে। আবার ঘুরে আসবে। তবে পৃথিবীতে যত রকম মানুষ, তত রকম সম্পর্ক। কোনো সম্পর্কই কোনো সম্পর্কের সঙ্গে মেলে না। আমার প্রত্যেকটি ফেলে আসা সম্পর্কও খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সেই সম্পর্কগুলো নিয়েই আজকের আমি। সব ঝেড়ে ফেলে দেওয়া যায় না। ভুলটুকুও তো আমার! সেটা মেনে সামনের দিকে চলা।’

এর আগে বিয়ের পরিকল্পনা প্রশ্নে জয়া উত্তরে বলেছিলেন, ‘আমি তো কোনো কিছু পরিকল্পনা করি না। যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই, দরকার আছে, তখনই হব। তবে এ মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। কারণ, আমি খুবই ভালো আছি, শান্তিতে আছি চারদিকে। আমার আপাতত কোনো প্ল্যান নেই।’

কেএন/টিকে

মন্তব্য করুন