কেএমপির কমিশনারের পদত্যাগ দাবিতে ছাত্র-জনতার ২৪ ঘণ্টার আল্টিমেটাম
ছবি: সংগৃহীত
০১:৪৬ এএম | ২৭ জুন, ২০২৫
<div><div><div style="text-align: justify; ">এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে এবার খুলনা মেট্রোপল
এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে এবার খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবি উঠেছে। এ দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্র-জনতা। নির্ধারিত এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামীকাল শনিবার (২৮ জুন) দুপুর ১২টা থেকে ‘খুলনা অচল’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি এ ঘোষণা দেন।
এ দিকে জুলাই অভ্যুত্থানের সময় বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত কুমার দাশকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
বৃহস্পতিবার বিকাল ৫টায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে তাকে। পরবর্তীকালে আদালত সুকান্তকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। সুকান্ত কুমার দাশ বর্তমানে সংযুক্ত চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত।
আন্দোলনকারীরা জানান, এসআই সুকান্ত জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্যাতন চালিয়েছেন। সেই সুকান্তকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। অথচ তার নামে একাধিক মামলা থাকার পরও পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। এ জন্য আমরা কেএমপি কমিশনারের পদত্যাগ চাই। পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে নগরীর ইস্টার্ন গেট এলাকা থেকে এসআই সুকান্তকে মারধর করে খানজাহান আলী থানা পুলিশের কাছে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। রাতেই তাকে ছেড়ে দেয় খানজাহান আলী থানা পুলিশ।
সুকান্তের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নিপীড়ন ও গণগ্রেফতার চালানোর অভিযোগ ছিল। অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা হয়।
আরএম