© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমানবন্দর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

শেয়ার করুন:
বিমানবন্দর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৪ এএম | ২৭ জুন, ২০২৫
রাজধানীর বিমানবন্দরে রেল স্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো. সোহেল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত পৌনে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসকৃত ঘোষণা করেন।

নিহত সোহেল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর মসলন্দ গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে।

নিহত যুবকের স্বজন মো. হাসান জানান, নিহত সোহেল স্থানীয় একটি প্রাইভেট কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। আজ রাতের দিকে বাসায় ফেরার পথে বিমানবন্দর রেলগেট দিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন সোহেল।

পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

আরএম 

মন্তব্য করুন