© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'শাহরুখের মতো তারকা হতে পারবেন না রণবীর কাপুর', বললেন জয়দীপ আহলাওয়াত

শেয়ার করুন:
'শাহরুখের মতো তারকা হতে পারবেন না রণবীর কাপুর', বললেন জয়দীপ আহলাওয়াত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২২ এএম | ২৭ জুন, ২০২৫
বলিউডে অভিনয় দক্ষতা ও তারকাখ্যাতি—এই দুইয়ের পার্থক্য নিয়ে চিরকাল বিতর্ক থেকে যায়। আর এবার সেই আলোচনায় নতুন করে আগুন জ্বালালেন অভিনেতা জয়দীপ আহলাওয়াত। সম্প্রতি ‘দ্য লাল্লনটপ’-কে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে তিনি বলেন, রণবীর কাপুর যতই প্রতিভাবান হোন না কেন, শাহরুখ খানের মতো সর্বজনপ্রিয় স্টার হওয়া তার পক্ষে সম্ভব নয়।

সাক্ষাৎকারে জয়দীপ অকপটে বলেন, “রণবীর কাপুর কামাল কা অ্যাক্টর হ্যায়, ব্রিলিয়ান্ট অ্যাক্টর হ্যায়। হো সকতা হ্যায় কি ওহ শাহরুখ খান যত বড় না হো।” তিনি ব্যাখ্যা করেন, প্রতিভা থাকলেই যে কেউ স্টার হতে পারবেন এমনটা নয়। এক্ষেত্রে আবেগ, সময় এবং মানুষের সঙ্গে আত্মিক সংযোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জয়দীপ আরও বলেন, “ওই ‘জুড়াও’ টা আছে না, দর্শকের সঙ্গে, সেটাই বিশাল ব্যাপার। শুধুই প্রতিভা থাকলে চলে না, দর্শককে ছুঁতে না পারলে স্টারডম আসে না।”



তিনি নিজে বলিউডের এই দুই তারকার সঙ্গেই কাজ করেছেন।

২০১১ সালের ‘রকস্টার’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন জয়দীপ। ২০১৭ সালে শাহরুখ খানের ‘রইস’ ছবিতে একটি ছোট ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এবং এখন আবার আসন্ন ছবি ‘কিং’-এ শাহরুখ খানের সঙ্গে বড় পর্দায় ফিরছেন।

তবে রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও, সময় না মেলার কারণে তিনি ছবিটি করতে পারেননি। এ প্রসঙ্গে জয়দীপ বলেন, “অফার হয়েছিল, কিন্তু টাইমিং ম্যাচ হচ্ছিল না।”

এই মন্তব্য ঘিরে বলিউডে নতুন করে শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ মনে করছেন, জয়দীপ কেবল সত্য কথাই বলেছেন — কারণ স্টারডম মানে শুধুই ভালো অভিনয় নয়, বরং এক গভীর আবেগ, বিশ্বাস ও সময়ের সঠিক ব্যবহারের ফল।

শাহরুখ খান এখনও কোটি মানুষের ভালোবাসায় ভরপুর, যিনি শুধু একজন অভিনেতা নন — বরং এক প্রজন্মের স্বপ্ন, আত্মবিশ্বাস ও আবেগের প্রতীক। অন্যদিকে রণবীর কাপুর এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা হলেও, তিনি এখনো সেই সর্বস্তরের ভালোবাসার স্তরে পৌঁছাননি বলে মনে করছেন অনেকে।

জয়দীপ আহলাওয়াত কাউকে অপমান করেননি, বরং বলিউডের এক অপ্রিয় সত্যকে তুলে ধরেছেন — প্রতিভা আর স্টারডম এক নয়, এবং শাহরুখ খানের জায়গা এই যুগে এখনও অটুট।

আরএম 

মন্তব্য করুন