© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই থেকে আন্তর্জাতিক রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর

শেয়ার করুন:
জুলাই থেকে আন্তর্জাতিক রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪১ এএম | ২৭ জুন, ২০২৫
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। জুলাই মাসেই এই বহুল প্রতীক্ষিত ঘোষণা বাস্তবে পরিণত হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে আয়োজিত তথ্য অধিকার শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে আরও বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের পর্যটন হাব। এখানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হলে দেশের অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি বিদেশি পর্যটকদের আগমনও বহুগুণে বাড়বে। এটি কেবল কক্সবাজার নয়, গোটা জাতির জন্যই গৌরবময় অর্জন।

বেবিচক চেয়ারম্যান আরও জানান, চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ কার্গো হাব গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বর্তমানে সীমিত পরিসরে কার্গো অপারেশন পরিচালিত হলেও অচিরেই তা পূর্ণমাত্রায় চালু করা হবে।

তথ্য অধিকার আইন প্রসঙ্গে তিনি বলেন, তথ্য অধিকার আইন জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার সাংবিধানিক পথ খুলে দিয়েছে। এটি সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম।
দুর্নীতি রোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় এই আইনের যথাযথ প্রয়োগ অপরিহার্য।

কর্মশালায় কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। প্রশিক্ষণে তথ্য অধিকার আইনের নীতিমালা, প্রয়োগ এবং বাস্তবতা নিয়ে বিশদ আলোচনা হয়।

প্রশিক্ষণ শেষে বেবিচক চেয়ারম্যান কক্সবাজার বিমানবন্দরের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।

এফপি/ টিকে

মন্তব্য করুন