© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৃতীয় সপ্তাহেও জমজমাট, তারকাবহুল ‘উৎসব’ এর আয় কত

শেয়ার করুন:
তৃতীয় সপ্তাহেও জমজমাট, তারকাবহুল ‘উৎসব’ এর আয় কত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৪ পিএম | ২৭ জুন, ২০২৫
মুক্তির তৃতীয় সপ্তাহ পেরিয়েও চমক দেখাচ্ছে তানিম নূরের ‘উৎসব’। এখনও ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে রয়েছে দর্শকের ভিড়; যা কমছে না। বলা যায়, শুরু থেকে চমক যেমনটা ছিল, সেটি ধরে রেখেছে সিনেমাটি। 

এবারের ঈদে মুক্তি পাওয়া অন্যতম তারকাবহুল সিনেমা ‘উৎসব’। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, জয়া আহসানের মতো তাবড় তারকারা। এরই মধ্যে জানা গেল সিনেমাটির আয়।
ডিস্ট্রিবিউশন সূত্র জানিয়েছে, মুক্তির প্রথম ১৬ দিনে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার এবং লায়ন সিনেমাস মিলিয়ে ‘উৎসব’-এর টিকিট বিক্রি হয়েছে প্রায় ২ কোটি টাকা। আর ২০ দিনে ছুঁয়ে ফেলেছে ৩ কোটি টাকার গ্রস কালেকশন। অর্থাৎ শেষ চারদিনে সিনেমাটি আয় করেছে প্রায় ১ কোটি টাকা।

এদিকে শাকিব খান অভিনীত সবচেয়ে আলোচিত ছবি ‘তাণ্ডব’-কেও পিছিয়ে ফেলেছিল ‘উৎসব’। মুক্তির ১৮তম দিনে মাল্টিপ্লেক্সের ২৯টি শো থেকে ‘উৎসব’ সিনেমাটির আয় ২১ লাখ ৭৮ হাজার টাকা। একই দিনে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’র চলে ৫৮টি শো, আয় ১৯ লাখ ৬২ হাজার টাকা—অর্থাৎ তুলনায় পিছিয়ে। তবে দুই সিনেমার গ্রস কালেকশন কত, তার কোনো খবর পাওয়া যায়নি।

ডোপ প্রডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’ সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূইয়া। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

ইউটি/টিএ


মন্তব্য করুন