© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে ট্রাকে তুলে গরু ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই

শেয়ার করুন:
রাজশাহীতে ট্রাকে তুলে গরু ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই

প্রতীকি ছবি

own-reporter-rajshahi
১২:৫১ পিএম | ০৮ আগস্ট, ২০১৯

নাটোরের সিংড়া থেকে রাজশাহী সিটি হাটে গরু কিনতে এসেছিলেন তিন গরু ব্যবসায়ী। তারা হলেন নাটোরের সিংড়া উপজেলার জরিপ মৃধা, তার তার বাবা আলাল মৃধা ও চাচা মোশাররফ হোসেন।

নাটোরের সিংড়া থেকে রাজশাহী সিটি হাটে গরু কিনতে এসেছিলেন তিন গরু ব্যবসায়ী। তারা হলেন নাটোরের সিংড়া উপজেলার জরিপ মৃধা, তার বাবা আলাল মৃধা ও চাচা মোশাররফ হোসেন।

তারা রাজশাহী থেকে গরু কিনে নাটোরে নিয়ে বিক্রি করেন। কিন্তু পছন্দমতো দামে গরু না পাওয়ায় হাট থেকে গরু না নিয়েই রাতে তারা বাড়ি ফিরছিলেন। এসময় তাদের কাছে প্রায় আড়াই লাখ টাকা ছিল। কোনো যানবাহন না পেয়ে তারা একটি ট্রাকে উঠে পড়েন। ট্রাকটি সিটি বাইপাস থেকে শাহ মখদুম থানা এলাকায় পৌঁছালে আরও তিনজন ওই ট্রাকে ওঠেন। এ সময় ওই তিনজন জরিপের বাবা ও চাচাকে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। একপর্যায়ে জরিপের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার কাছে থাকা প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে বিভিন্ন এলাকা ঘুরে কুখণ্ডী বাইপাস এলাকায় গিয়ে ওই তিনজনকে ট্রাক থেকে ফেলে দেয়া হয়।

বুধবার রাতে রাজশাহীর কাটাখালী থানার কুখণ্ডী বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাবা ও চাচার বরাত দিয়ে এই ঘটনার বর্ণনা দিয়েছেন রাজশাহীর কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান।

ওসি জিল্লুর রহমান বলেন, ঘটনার সময় কাটাখালী থানার একটি টহল টিম ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা ওই তিনজনকে পড়ে থাকতে দেখে কাছে যায় এবং সব ঘটনা জানতে পারে। পরে নিহত জরিপের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বর্তমানে জরিপের বাবা ও চাচা পুলিশ হেফাজতে রয়েছেন।

ওসি বলেন, একটি সংঘবদ্ধ চক্র গভীর রাতে ট্রাক নিয়ে ঘুরে বেড়ায়। তারা যাত্রী পারাপারের নামে লোক উঠিয়ে সুবিধাজনক স্থানে নিয়ে মারধর করে এবং টাকা ছিনতাই করে নামিয়ে দেয়। ঘটনার পর থেকে ওই ট্রাকটি খুঁজছে পুলিশ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন