© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারজিসের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা উদ্ধারের দাবিটি ভুয়া

শেয়ার করুন:
সারজিসের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা উদ্ধারের দাবিটি ভুয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০০ এএম | ০৬ জুলাই, ২০২৫
এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে। যা ঈদের পরে এনসিপির প্রচারণার খরচের জন্য সারজিসের কাছে রাখা হয়েছিল। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে ভিডিওটি এ ঘটনার নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। ৫ জুলাই প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক বিক্রির টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের। এ ছাড়া প্রচারিত পোস্টগুলোতে সারজিস আলমকে উপদেষ্টা বলে দাবি করা হলেও তিনি সরকারের উপদেষ্টা নন।

ভিডিও থেকে কিছু ছবি সংগ্রহ করে অনুসন্ধানে এ তথ্য জানা যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দুটি ভিডিওর তুলনামূলক বিশ্লেষণ শেষে জানা যায়, ২০২৫ সালের ৫ জুন ‘জেনেভা ক্যাম্পে অভিযান : মাদক বিক্রির আড়াই কোটি টাকাসহ গ্রেপ্তার ১০’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে ফুটেজ নিয়ে সারজিসের নামে এ ভুয়া তথ্য ছড়ানো হয়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ৪ জুন রাতে সেনাবাহিনী ও র্যাব-২ যৌথভাবে মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অবস্থিত বিহারি ক্যাম্পে এই অভিযান চালিয়ে মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ টাকা, মাদকদ্রব্য ও অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে।



 ইউটি/টিকে

মন্তব্য করুন