‘স্যান্ড সিটি’ টিমকে অভিনন্দন জানালেন মেহজাবীন
ছবি: সংগৃহীত
১১:৫০ এএম | ১১ জুলাই, ২০২৫
বাংলাদেশি সিনেমা যখন আন্তর্জাতিক পরিসরে পৌঁছে যায়, তখন তা শুধু একটি চলচ্চিত্রের নয়—সারা দেশেরই গর্বের বিষয় হয়ে ওঠে। এমনই এক আনন্দের সংবাদ এসেছে নির্মাতা মাহদে হাসান ও অভিনেতা মোস্তাফা মনোয়ারের ঝুলিতে। তাঁদের সিনেমা ‘Sand City’ এবার জায়গা করে নিয়েছে ইউরোপের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল–এ।
এই খবর ছড়িয়ে পড়তেই অভিনন্দন জানাতে এগিয়ে এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি জানিয়েছেন, এই অর্জন শুধু ‘Sand City’ টিমের নয়, পুরো দেশের।
মেহজাবীন লিখেছেন, “বাংলাদেশি সিনেমা যখন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায় এবং বিশ্বমানের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে, তখন সত্যিই এক অন্যরকম ভালোলাগা কাজ করে।” তিনি আরও বলেন, “এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি গর্বের মুহূর্ত।”
ফিল্মটির নির্মাতা মাহদে হাসান ইতিমধ্যেই নিজের সৃষ্টিশীল ভাষা ও গভীর গল্প বলার জন্য আন্তর্জাতিক মহলে প্রশংসিত। অপরদিকে, মোস্তাফা মনোয়ার তাঁর অভিনয়ে বারবার প্রমাণ করেছেন—নীরবতাও কীভাবে সংলাপের চেয়েও শক্তিশালী হয়ে উঠতে পারে। এই দুই গুণীর সম্মিলিত কাজ এবার পৌঁছে গেল বিশ্বসিনেমার প্রতিযোগিতামূলক এক মঞ্চে।
মেহজাবীন আরও বলেন, “আমাদের গণমাধ্যমে এই অর্জন এবং এর সঙ্গে জড়িত মানুষদের যথাযথ কভারেজ দেওয়া খুবই জরুরি।”
তিনি উল্লেখ করেন, “আমাদের সিনেমা এখন বেড়ে উঠছে, সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করছে। আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে।”
বাংলাদেশি গল্প, মুখ, নির্মাতা, শিল্পীরা যখন একের পর এক আন্তর্জাতিক উৎসবে স্বীকৃতি পাচ্ছেন, তখন তা শুধু শিল্পের জয় নয়—সারা দেশের সাংস্কৃতিক পরিচয়েরও বিস্তার। ‘Sand City’ এই যাত্রার নতুন এক চূড়ান্ত সংযোজন।
এসএন