© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রয়াত’ ঘোষণা করে গুজব! সুস্থ আছেন আশা ভোঁসলে, মুখ খুললেন পুত্র আনন্দ

শেয়ার করুন:
প্রয়াত’ ঘোষণা করে গুজব! সুস্থ আছেন আশা ভোঁসলে, মুখ খুললেন পুত্র আনন্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৯ পিএম | ১১ জুলাই, ২০২৫
খ্যাতি অনেক সময় আশীর্বাদ তো বটেই, আবার বিড়ম্বনাও বটে। তারই এক তিক্ত উদাহরণ হয়ে উঠলেন বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আচমকা ছড়িয়ে পড়ে তাঁর মালা পরানো একটি ছবি, সঙ্গে লেখা—“প্রয়াত বর্ষীয়ান গায়িকা। একটি যুগের অবসান!” এমন ঘোষণায় স্তব্ধ হয়ে যান ভক্তরা, অবাক বলিউড। মুহূর্তে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি।

ছবির বিবরণে জানানো হয়, আশা ভোঁসলে নাকি ১ জুলাই মারা গিয়েছেন। কিন্তু বাস্তব একেবারেই ভিন্ন। স্রেফ গুজব। এমন ভুয়ো খবরে ক্ষুব্ধ গায়িকার পরিবার।

মুহূর্তে গুঞ্জনের জবাব দিতে এগিয়ে আসেন গায়িকার পুত্র আনন্দ ভোঁসলে। স্পষ্ট ভাষায় জানান, “মা একদম সুস্থ আছেন। এমন মৃত্যুসংবাদ কোথা থেকে ছড়াল, বুঝতে পারছি না। সম্পূর্ণ ভুয়ো খবর।”

এই বিভ্রান্তির সূত্রপাত রাহুল দেব বর্মণের জন্মদিনের মাত্র কিছুদিন পরেই। ২৭ জুন ছিল আরডি বর্মণের ৮৫তম জন্মদিন। সেদিনই আশাকে দেখা যায় সুরকার স্বামীর গান গাইতে। পেলব শাড়ি পরে স্বামীর স্মৃতিচারণ করে গায়িকা বলেছিলেন, “রাহুল দেব বর্মণের গান আমি গেয়ে উঠি সহজে, কিন্তু এই প্রজন্মের পক্ষে তা পারা সহজ নয়।”

সেই বিশেষ দিনেই প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা যায়—আশা ভোঁসলে আরডি বর্মণের ব্যবহৃত হারমোনিয়াম, পুরস্কার, দুর্লভ ছবি সবকিছু তুলে ধরছেন। এভাবে সদ্যই প্রকাশ্যে এসে উপস্থিত হওয়া একজন মানুষকে ঘিরে এমন ‘মৃত্যু গুজব’ যে কতটা কুরুচিকর, তা বলার অপেক্ষা রাখে না।

ভুয়ো খবরের বিরুদ্ধে গায়িকার পুত্রের প্রতিবাদে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভক্তমহল ও বলিউড। নতুন করে ভাইরাল হয়েছে আরডি-র জন্মদিনের সেই আবেগঘন ভিডিয়ো।

সোশ্যাল মিডিয়ার এই যুগে গুজবের বন্যা যেন রোধ করার কোনও উপায় নেই। তবে অন্তত গায়িকার পরিবারের তরফে নিশ্চিত বার্তা—আশা ভোঁসলে বেঁচে আছেন, সুস্থ আছেন, এবং এখনও বাংলা, হিন্দি, মারাঠি গানে তাঁর অবদান অমলিন।

এসএন 

মন্তব্য করুন