© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চলচ্চিত্র অভিনেতা বাবর মারা গেছেন

শেয়ার করুন:
চলচ্চিত্র অভিনেতা বাবর মারা গেছেন
entertainment-reporter
০১:৪৭ পিএম | ২৬ আগস্ট, ২০১৯

চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক খলিলুর রহমান বাবর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

সোমবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কাবিরুল ইসলাম রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খলিলুর রহমান বাবর দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। ভুগছিলেন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্‌রোগ ও ফুসফুসের সমস্যায়। গত বৃহস্পতিবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আজ সকালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে বাদ আসর বাবরের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এর পর সেখান থেকে মরদেহ তার কলাবাগানের বাসায় নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

খলনায়ক হলেও চলচ্চিত্রে বাবর প্রথম অভিনয় করেন নায়ক চরিত্রে। বাবরের অভিষেক ঘটেছিল আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক চরিত্রে অভিনয় করে। খলনায়ক হিসেবে যাত্রা শুরু হয় নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্র দিয়ে। এরপর তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অবশ্য মাঝে প্রযোজক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরিচালনা করেছেন ‘দয়াবান’, ‘দাগী’, ‘দাদাভাই’সহ বেশ কিছু ব্যবসাসফল ছবি। এক যুগ আগে মনোয়োর হোসেন ডিপজলের ‘তের গুণ্ডা এক পাণ্ডা’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন বাবর।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন বাবর। তিনি স্ত্রী সুলতানা রহমান, মেয়ে ওমাইনা রহমান এবং ছেলে রিয়াদুর রহমানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন