কুয়াকাটায় সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যাচ্ছিলেন পর্যটক, উদ্ধার করল জেলে
ছবি: সংগৃহীত
০৫:৩৯ পিএম | ২৫ জুলাই, ২০২৫
লঘুচাপের কারণে সমুদ্র বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কুয়াকাটা সৈকতে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে কুয়াকাটা সৈকতে গোসলে নেমে তলিয়ে যাচ্ছিলেন এক তরুণ পর্যটক। তবে স্থানীয় এক জেলে দ্রুত উদ্ধার করায় প্রাণে বেঁচে গেছেন তিনি।
উদ্ধার হওয়া পর্যটকের নাম তানভীর (২৩)। তিনি রাজধানী ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা।
শুক্রবার দুপুরে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশে গোসলে নামলে হঠাৎ সমুদ্রের স্রোতের তোরে ভেসে যান তানভীর।
স্থানীয় জেলে আলতাফ হোসেন ঘটনাটি দেখে দ্রুত ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে তীরে নিয়ে আসেন। এসময় তানভীর অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শী সেলিম মাহমুদ বলেন, গোসলের সময় সতর্কতা অবলম্বন না করায় প্রায় প্রাণ হারাতে বসেছিলেন ওই পর্যটক। দ্রুত সময়ের মধ্যে উদ্ধার সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত অবস্থায় এক তরুণকে ২০ শয্যা হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, সুস্থ আছেন।
এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর জয়ন্ত কুমার মন্ডল জানান, তানভীর নামের এক পর্যটককে স্থানীয়রা উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি।
উল্লেখ্য, কুয়াকাটা সমুদ্র সৈকতে জোয়ারের সময় সতর্কতা না মানার কারণে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে।
এফপি/ এসএন