সিরাজগঞ্জে পুকুরে পড়ে প্রাণ গেল ১ জনের
ছবি: সংগৃহীত
১১:৪২ এএম | ০৫ আগস্ট, ২০২৫
সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে হামিদা খাতুন (১৮) নামের এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের ললুয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, নিহত ওই গ্রামের মো. আব্দুল হামিদের মেয়ে। তিনি সাঁতার জানতেন না।
মঙ্গলবার সকালে নিজবাড়ির পুকুরে গোসল করতে যান। ঘাটে গিয়ে শেওলায় পিছলে পুকুরের পানিতে পড়ে যান তিনি।
খবর পেয়ে পরিবারের লোকজন পানিতে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে খালকুলা ওহী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদা খাতুনকে মৃত ঘোষণা করেন।
তাড়াশ খানার ওসি মো. জিউয়ার রহমান জানান, পানিতে ডুবে একজনের মৃত্যুর বিষয়টি আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ-খবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এমআর/টিকে