© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাংবাদিকদের মানসিক স্বাস্থ্য রক্ষায় বিজেআইএম ও মাইন্ডশেপারের কর্মশালা

শেয়ার করুন:
সাংবাদিকদের মানসিক স্বাস্থ্য রক্ষায় বিজেআইএম ও মাইন্ডশেপারের কর্মশালা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১২ পিএম | ০৮ আগস্ট, ২০২৫
বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) এবং মাইন্ডশেপার-এর যৌথ উদ্যোগে সাংবাদিকদের মানসিক স্বাস্থ্য রক্ষাবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘লিভিং উইথ রিয়ালিটি’ (বাস্তবতার সাথে বেঁচে থাকা) শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশেষ করে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনা পরবর্তী সাংবাদিকদের মানসিক ট্রমা ও পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) এবং কি করে তা থেকে বেরিয়ে আসা যায়, কি করে নিজেদের মনের ভেতর কথা চেপে না রেখে এর নিরাময় করা যায়, সে সম্পর্কে বিস্তারিত কর্মশালা পরিচালনা করেন মাইন্ডশেপারের ক্লিনিকাল ও কাউন্সেলিং সাইকোলজিস্ট রুকনুজ্জামান রুপম। এতে বিশ জন সাংবাদিকের অংশগ্রহণে প্রায় চারঘণ্টাব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা মনস্তাত্ত্বিক নানাবিধ নিয়ন্ত্রণ, আবেগ এবং কাজের সমতা আনয়নের বিভিন্ন ব্যায়াম শেখেন। এছাড়াও তারা আলোচকদের সাথে বিভিন্ন মানসিক স্বাস্থ্য এবং ট্রমা বিষয়ক অভিজ্ঞতা শেয়ার করেন।

বিজেআইএম আহবায়ক স্যাম জাহান বলেন, ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা বাংলাদেশে একটি নতুন ধারণা।

ব্যস্ততার কারণে সাংবাদিকদের মধ্যে এ সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার প্রবণতা আরো কম। তাদের এই বিষয়ে আরো বেশি জানানো, সতর্ক করা এবং কিভাবে তারা ভালো থাকতে পারেন, সেজন্যই এই আয়োজন।’

মাইন্ডশেপারের মুখপাত্র সাজ্জাদ হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা নিজেরা যখন নিজেদের মানসিক স্বাস্থ্য রক্ষা করতে শিখবেন, তখন তারাই কিন্তু পুরো সমাজে এ সম্পর্কে সচেতনতা তৈরি করতে সবচাইতে বেশি সহায়ক হবেন।

এ ধরনের আয়োজনের অংশ হতে পেরে মাইন্ডশেপার গর্বিত।

অনুষ্ঠান পরবর্তীতে বিজেআইএম এবং মাইন্ডশেপার-এর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।

টিকে/

মন্তব্য করুন