© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বড়লেখা সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করল বিএসএফ

শেয়ার করুন:
বড়লেখা সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করল বিএসএফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৭ পিএম | ০৮ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ চার রোহিঙ্গ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ চার রোহিঙ্গা এবং চার বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার বাতামোড়ল নামক পানপুঞ্জি এলাকায় তাদের আটক করে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৩৭৪ থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাতামোড়ল নামক পানপুঞ্জি এলাকায় ঘোরাঘুরির সময় নিউ পাল্লাথল বিওপির টহল দল আটজনকে আটক করে।

আটক চার রোহিঙ্গা হলেন কক্সবাজারের টেকনাফ লেদা ক্যাম্পের আসাদুল্লাহ (৪৫), তাঁর স্ত্রী জমিলা বেগম (২৫), মেয়ে আসমা খাতুন (২) ও ছেলে হামিদ হোসেন (১৫)।

বাংলাদেশিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হাকর গ্রামের শিরীন আক্তার (৩৫) ও তাঁর ছেলে মোহাম্মদ সিয়াম (১৮), পাবনা সদরের চরাশিতোষপুর গ্রামের মো. জাকির শেখ (২৫) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামের সাবিনা খাতুন (৩০)।

আটকরা জানান, কয়েক বছর আগে চার রোহিঙ্গা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। আটক চার বাংলাদেশিও সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে শুক্রবার ভোরে বিএসএফ তাঁদের বড়লেখার পানপুঞ্জি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী চার রোহিঙ্গা এবং চার বাংলাদেশিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আটককৃতদের বড়লেখা থানায় সোপর্দ করা হবে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা শুক্রবার সন্ধ্যায় জানান, বিজিবি এখনও কাউকে থানায় হস্তান্তর করেনি। সোপর্দ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএন/টিকে

মন্তব্য করুন