© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেড় মাস পর বড়পুকুরিয়া থেকে আবারও কয়লা উত্তোলন শুরু

শেয়ার করুন:
দেড় মাস পর বড়পুকুরিয়া থেকে আবারও কয়লা উত্তোলন শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪০ পিএম | ০৯ আগস্ট, ২০২৫
দীর্ঘ এক মাস ১৭ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে খনির নতুন ১৪০৬ নম্বর ফেইজ হতে শুরু হয় এ উত্তোলন।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক।

এর আগে চলতি বছরের গত ২৩ জুন ১৩০৫ নম্বর ফেইজে কয়লা মজুদ শেষ হওয়ায় খনি থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

সূত্র জানায়, নতুন এ ফেইজটি খনির চতুর্থ স্লাইডের তিন নম্বর ফেইজ। এ ফেইজ থেকে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৯৪ হাজার টন। উত্তোলনের শুরুর দিন থেকে প্রথম এক সপ্তাহ প্রতিদিন দেড় হাজার থেকে দুই হাজার মেট্রিক টন করে কয়লা উত্তোলন করা হবে। পরবর্তীতে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার মেট্রিক টন করে কয়লা উত্তোলন করা হবে।

এ বিষয়ে খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বলেন, ‘১৩০৫ নম্বর পুরনো ফেইজ থেকে ১৪০৬ নম্বর নতুন ফেইজে সব যন্ত্রপাতি স্যালভেজ ও যথাযথ মেইনটেন্যান্স শেষে শনিবার সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে।’

প্রসঙ্গত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে ৫২৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে এই কয়লা সরবরাহ করা হবে। এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে ২৩ জুন পর্যন্ত খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর ফেইজ থেকে প্রায় পাঁচ লাখ এক হাজার টন কয়লা উত্তোলন করা হয়।

এমকে/টিকে

মন্তব্য করুন