মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের মূল হোতা স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
ছবি: সংগৃহীত
১০:১৫ এএম | ২১ আগস্ট, ২০২৫
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপনসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (২০ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিআইডির অনুসন্ধানে জানা যায়, মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর উদ্দেশ্যে সিন্ডিকেট করে ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বাড়ি ও জমি ক্রয় করে অঢেল সম্পদের মালিক হয়েছেন রুহুল আমিন স্বপন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রুহুল আমিন উপার্জিত সম্পত্তির মাধ্যমে মানিলন্ডারিং আইনে অপরাধ করেছেন। তিনি তার ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামক জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে এই সম্পত্তির মালিক হন। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকায় মোট সাতটি দলিল অনুযায়ী তার জমির পরিমাণ ২৩১ কাঠা। জমিগুলোর দলিল মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। এ জমিগুলোর ওপর নির্মিত অবকাঠামোসহ স্বপনের মোট সম্পদের মূল্য প্রায় ৫০০ কোটি টাকা।
সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম শাখার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এই সম্পত্তি ক্রোক করার আদেশ দেন।
কেএন/এসএন