শেখ হাসিনাকে শয়তানের সঙ্গে তুলনা করলেন বাঁধন
ছবি: সংগৃহীত
০১:০৪ পিএম | ২১ আগস্ট, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবিতে দুজনের হাস্যোজ্জ্বল উপস্থিতি থাকলেও, এর সঙ্গে দেওয়া স্ট্যাটাসে বাঁধন ক্ষমতা এবং রাজনৈতিক পরিবর্তন নিয়ে তার ব্যক্তিগত পর্যবেক্ষণ ও কঠোর মন্তব্য তুলে ধরেছেন।এখনও সাইবার অ্যাটাকের মুখোমুখি হন এই অভিনেত্রী।
বুধবার (২০ আগস্ট) ফেসবুকে এক স্ট্যাটাসে সেই প্রসঙ্গ তুলে ধরেন বাঁধন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে তিনি লিখেছেন, ক্ষমতা মানুষকে শয়তানেও পরিণত করতে পারে।
ছবি প্রকাশ করে বাঁধন লিখেছেন, এই ছবিটা? ওই সময় আমি মজা করে তাকে বলেছিলাম-অনেকে ভাবছে আমরা নাকি আগে থেকে ঠিক করে একই রঙের পোশাক পরেছি। তিনি তখন হেসেছিলেন। সেই হাসিটা তখন আমার কাছে সত্যি মনে হয়েছিল। সেই মুহূর্তে তিনি আমাদের একজন বলে মনে হয়েছিল।
বাঁধন বলেন, তার গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল। এক রাতে পুরো পরিবার হারিয়েছিলেন, শরণার্থী হিসেবে জীবন কাটিয়েছেন, তবুও সেই দেশেই ফিরে এসেছেন-যে দেশ তার সবকিছু কেড়ে নিয়েছিল। এমন সাহস খুব কম মানুষই দেখাতে পারে। কিন্তু সময়ের সাথে আমি দেখেছি, ক্ষমতা মানুষকে শয়তানেও পরিণত করতে পারে।
অভিনেত্রীর ভাষ্য, শুধু তার সঙ্গে হাসলাম মানে এই নয় যে, আমি প্রধানমন্ত্রী হওয়ার পথে আছি! তাহলে আমার সহকর্মী আওয়ামী লীগ নেতারা এত ভয় পাচ্ছেন কেন? আমি কথা বলি-মানুষের কথা বলি। আমি দেশের মানুষের পাশে আছি। আপনারা কেন আমাকে নিয়েই এত ব্যস্ত? জানি, হয়তো আপনারা আর রাজনীতিতে ফিরতে পারবেন না, কিন্তু অন্তত মানুষ হিসেবে আচরণ তো করতে পারেন। ছাড়পত্র-এর দায়িত্বে যারা আছেন, তাদের জিজ্ঞেস করুন ২০২৪ সালের নির্বাচনে তারা আমাকে কী প্রস্তাব দিয়েছিল। মানুষের মতো আচরণ করা কঠিন হয়ে গেছে। কারণ, অনেকে আর মানুষ নেই। কিন্তু চেষ্টা করলে সম্ভব। একজন প্রকৃত নেতা হোন, মানুষ হোন।
সমালোচনার জবাবে বাঁধন বলেন, আমাকে যেভাবে আক্রমণ করেছেন, দেশের নারীদের সঙ্গেও আপনারা ঠিক এভাবেই আচরণ করেন। যান, চালিয়ে যান এইসব বাজে কথা! আপনারা জিতেছেন-অভিনন্দন। কিন্তু আমাকে আক্রমণ করা ছাড়া আপনাদের আর কোনো কাজ নেই? নাকি ঠিক করেছেন, যে সবচেয়ে খারাপ মানুষ, তাকেই আপনারা ক্ষমতায় এনে সংসদ সদস্য বানাবেন?
এসএন