ইরানের প্রেসিডেন্টের ভাইয়ের ৫ বছরের কারাদণ্ড
দুর্নীতির দায়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসেন ফেরেদুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
মঙ্গলবার ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলের বরাত দিয়ে এই দণ্ড দেওয়ার কথা জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ।
প্রতিবেদনে বলা হয়, হাসান রুহানির ভাই ফেরেদুনকে দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরেক মামলায়ও বিচারের মুখোমুখি হতে পারেন। তবে ওই মামলার বিষয়ে বিস্তারিত বলেননি ওই মুখপাত্র।
দুর্নীতির এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করে আসছে প্রেসিডেন্ট রুহানির সমর্থকরা।
গত মে মাসে দুর্নীতির এই মামলায় ফেরেদুনকে দোষী সাব্যস্ত করে দণ্ডিত করে আদালত। তবে কতদিন মেয়াদে তার সাজা হবে সে সময় স্পষ্ট করেনি আদালত।
টাইমস/এএইচ/এসআই