© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্ব / মূলপর্বের স্বপ্নে বাংলাদেশ, প্রথম ম্যাচে নেই ফাহামেদুল

শেয়ার করুন:
মূলপর্বের স্বপ্নে বাংলাদেশ, প্রথম ম্যাচে নেই ফাহামেদুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৪ পিএম | ২৯ আগস্ট, ২০২৫
আগামী সেপ্টেম্বরে ভিয়েতনামে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। স্বাগতিকদের বিপক্ষেই প্রথম ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের তরুণরা। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে দলে থাকছেন না মিডফিল্ডার ফাহামেদুল ইসলাম।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে সংবাদমাধ্যমকে এ তথ্য দেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কোচ সাইফুল বারী টিটু।

ফাহামেদুলকে না পাওয়া নিয়ে টিটু বলেন, ‘ফাহামেদুলকে আমরা প্রথম ম্যাচে পাচ্ছি না। তবে পরের দুই ম্যাচে তাকে পাওয়া যাবে। সে যখন আসবে, অনুশীলনের সুযোগ না পেয়েই সরাসরি ম্যাচ খেলা তার জন্য সহজ হবে না। তবু সে যোগ দিলে দলের শক্তি বাড়বে।



প্রবাসী ফুটবলার কিউবা মিচেল ও জায়ান আহমেদকে নিয়েও আশাবাদী টিটু। তার বিশ্বাস, সঠিক প্রস্তুতি ও দলগত সমন্বয় কাজে লাগাতে পারলে বাংলাদেশ এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। তিনি বলেন, ‘আমাদের সামনে সুযোগ আছে। প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।

সিঙ্গাপুর আর ইয়েমেনের ম্যাচ আমরা পর্যবেক্ষণ করেছি। যেহেতু তারা প্রথম দিনই খেলবে, আমাদের আরও বিশ্লেষণের সময় মিলবে।’

এবারের বাছাইপর্বে অংশ নিচ্ছে এশিয়ার ৪৪টি দল। ১১টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্সআপ আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠেয় মূলপর্বে খেলার টিকিট পাবে।

বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। একই গ্রুপে আছে ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। ৩ সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর ইয়েমেন এবং ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজেরা। প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি বাহরাইনে ১২ দিনের ক্যাম্প করেছে অনূর্ধ্ব-২৩ দল।

এসএস/টিকে

মন্তব্য করুন