© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যেখানে গাধারাও পাজামা পরে!

শেয়ার করুন:
যেখানে গাধারাও পাজামা পরে!
international-desk
০৮:১৪ পিএম | ০৪ অক্টোবর, ২০১৯

কাউকে যদি বলা হয় গাধারা পাজামা পরে তখন সে বলেই বসবে কোন গাধা তোমাকে এটা বলেছে? তবে অবিশ্বাস্য শোনালেও ফ্রান্সের পোইটু উপত্যকায় গাধাদের পাজামা পরানো হয়।

পোইটু উপত্যকায় এদের আদিবাস বলে এই গাধাদের ‘পোইটু গাধা’ বলা হয়। এক সময় ইউরোপে চড়া দামে পোইটু গাধা কেনা-বেচা করা হত। লম্বায়-চওড়ায়, দেখতে অনেকটাই ঘোড়ার মতো। ফলে এদের পরিশ্রম করার ক্ষমতাও অন্যান্য গাধার তুলনায় অনেকটাই বেশি।

ঐতিহাসিকদের মতে, ১৭১৭ সালের পর থেকে ফ্রান্সের রাজা পঞ্চদশ লুইয়ের উদ্যোগে কৃষিকাজের সঙ্গে সঙ্গে পরিবহনের কাজেও ব্যবহৃত হতে থাকে পোইটু গাধা। এই সময় থেকেই ইউরোপের বিভিন্ন দেশে বেড়ে যায় এই প্রজাতির গাধার কদর। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যন্ত্র বা মোটরচালিত গাড়ির ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে পোইটু গাধার চাহিদায় ভাঁটা পড়ে।

বিংশ শতকেও অন্তত ৩০ হাজার গাধার প্রতিপালন করা হত ফ্রান্সের পোইটু উপত্যকায়। একটা সময় নুন আর পশমের কারবারীদের কাছে ব্যাপক কদর ছিল এই পোইটু গাধার। কারণ, এই প্রজাতির গাধার সারা শরীর বোঝাই ভারী পশমে। ভেড়ার পশমের মতো উত্কৃষ্ট মানের না হলেও, পোইটু গাধার পশমেরও যথেষ্ট চাহিদা ছিল। যে কারণে ইউরোপের অনেকেই পোইটু গাধার প্রতিপালন করতেন।

সে সময় মূলত ছারপোকা আর মশার কামড়ের হাত থেকে বাঁচাতে পোইটু গাধার চার পা মোটা কাপড়ে ঢেকে দিতেন তাদের মনিবেরা যেগুলিকে দেখতে অনেকটা পাজামার মতো। এখন অবশ্য নুনের কারবারে প্রয়োজন হয় না পোইটু গাধার। ব্যবসার পরিবহণেও কাজে লাগে না এদের। তবে ঐতিহ্য মেনে পর্যটকদের মনোরঞ্জনের খাতিরে এখনও পোইটু গাধাদের পাজামা পরিয়ে রাখা হয়।

তবে সারা বিশ্বে এদের সংখ্যা এখন হাতে গোনা। ২০০৫ সালে হিসেব করে দেখা গিয়েছে, সারা বিশ্বে পোইটু গাধার সংখ্যা মাত্র ৪৫০।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন