© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেহেরপুরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ৪

শেয়ার করুন:
মেহেরপুরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৩ এএম | ০২ সেপ্টেম্বর, ২০২৫
মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে ফেরার পথে দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার আমঝুপি বাজারে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। থমথমে পরিস্থিতিতে আতঙ্কিত এলাকাবাসী।

আহতরা হলেন, আমঝুপি উত্তর পাড়ার রাজা মেম্বারের ছেলে মোস্তাক রাজা (৩৫), আমঝুপি পশ্চিম পাড়ার মৃত রহিমের ছেলে কবির (৩০), রবি শেখের ছেলে আরিফুল ইসলাম (৫৫) ও আমিরুল ইসলামের ছেলে লিজন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর জেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফেরার পথে আমঝুপি বাজারে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। এতে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ায় আধা ঘণ্টা চলে উত্তেজনাকর পরিস্থিতি। পরে সশস্ত্র বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত ও তাদের স্বজনরা একে অপরের কর্মীদের দুষছেন।

কর্মসূচি শেষে নিজেদের নেতাকর্মীদের ফেরত নিয়ে যাওয়ার সময় সাবেক সদর উপজেলা বিএনপির সেক্রেটারি সাইফুল ইসলামের অনুসারীরা হামলা চালিয়েছে বলে জানান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন।

এ কর্মকাণ্ডকে সন্ত্রাসী আখ্যা দিয়ে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান। 

এমআর 

মন্তব্য করুন