© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির আবদার মানলে দুর্নীতির সঙ্গে আপস করা হবে: তথ্যমন্ত্রী

শেয়ার করুন:
বিএনপির আবদার মানলে দুর্নীতির সঙ্গে আপস করা হবে: তথ্যমন্ত্রী
own-reporter-chattogram
০৭:১২ পিএম | ০৫ অক্টোবর, ২০১৯

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আবদার হচ্ছে রাষ্ট্র যেন দুর্নীতির সাথে আপস করে। এটি করা তো সম্ভবপর নয়। খালেদা জিয়ার মুক্তির বিষয়টি একেবারেই আদালতের এখতিয়ার। রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধিতা না করে তাদের আবদার পূরণের কোনো সুযোগ নেই।

শনিবার দুপুরে চট্টগ্রামের ফিনলে স্কয়ারে প্রথম সিনেপ্লেক্স সিলভার স্ক্রিন আয়োজিত ‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দুর্নীতির মামলায় কেউ জামিন চাইলে রাষ্ট্রপক্ষের কাজ হচ্ছে জামিনের বিরোধিতা করা। জামিনের যদি বিরোধিতা করা না হয় তাহলে সেখানে তো দুর্নীতির সাথে রাষ্ট্রের আপস করা হয়।’

হাছান মাহমুদ বলেন, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত নানা বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত দিতে পারে। সেটি হচ্ছে আদালতের এখতিয়ার। এখন বিএনপির নেতারা একেক সময় একেক কথা বলেন। তারা আসলে কী চায়? তারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে, কারাগারে থাকা নিয়ে রাজনীতি করতে চান নাকি খালেদা জিয়াকে সত্যিকার অর্থে আইনি প্রক্রিয়ায় মুক্ত করতে চান।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত একজন আসামি। এতিমের জন্য, এতিমখানা নির্মাণের জন্য যে টাকা এসেছিল। এতিমখানা নির্মাণ না করে তিনি সেই টাকা নিজের ব্যাংক হিসাবে সরিয়ে ফেলেছেন। সমস্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে, দলিল দস্তাবেজ, সওয়াল-জওয়াবের মাধ্যমে তার শাস্তি হয়েছে।

কবি ও প্রাবন্ধিক আবুল মোমেনের সভাপতিত্বে ও কামরুল হাসান বাদলের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াসিকা আয়েশা খাঁন এমপি, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন, আরটিভি’র সিইও সৈয়দ আশিক রহমান, চলচ্চিত্রও নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও দৈনিক প্রথম আলো চট্টগ্রাম অফিসের বার্তা সম্পাদক কবি ওমর কায়সার।

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন