© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আলী হুসেনের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পায়নি তদন্ত কমিটি

শেয়ার করুন:
আলী হুসেনের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পায়নি তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৮ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী বি এম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকিদাতা আলী হুসেনের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পায়নি তদন্ত কমিটি। গণধর্ষণের ঘটনায় গঠিত সত্যানুসন্ধান তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আলী হুসেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে আমরা প্রমাণ পাইনি। সে নিজেও স্বীকারোক্তিতে বলেছে, তার রাজনৈতিক সম্পৃক্ততা নেই। এর বাইরে এমন কোনো প্রমাণ আমরা পাইনি, যা দিয়ে তাকে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে মনে হয়।

তিনি আরো বলেন, আলী হুসেনের দু-একটি ছবি যেগুলো দিয়ে তাকে রাজনৈতিক সংশ্লিষ্ট বলে অভিযোগ করা হয়, সেগুলো সম্পর্কে সে ব্যাখ্যা দিয়েছে। এ ছাড়া কুরুচিপূর্ণ স্ট্যাটাসটি আকস্মিক ক্ষোভে দিয়ে ফেলেছেন বলে তিনি ক্ষমাও চেয়েছেন।

এদিকে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে আলী হুসেনের পুরনো কিছু ছবি এবং স্ট্যাটাস দিয়ে অনেকে তাকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ করেছিলেন। 

এসএস/এসএন

মন্তব্য করুন