অভিনয়ের বাইরে আর কি করছেন অহনা?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা। ক্যারিয়ারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে তিনি বেশি ব্যস্ত থাকেন ধারাবাহিকে। অবশ্য কিছুদিন আগে এই অভিনেত্রী বলেছিলেন তাকে আর কোনো ধারাবাহিক নাটকে দেখা যাবে না। তারপরেও বর্তমানে তার উল্লেখযোগ্য কয়েকটি ধারাবাহিক টিভিতে সম্প্রচার হচ্ছে।
অহনার অভিনীত ধারাবাহিকগুলো হলো, ‘রসের হাঁড়ি’, ‘ছায়াবিবি’, ‘লাকি থার্টিন’ ও ‘কমেডি-৪২০’। এছাড়াও সম্প্রতি বৈশাখী টিভিতে প্রচার শুরু হয়েছে তার অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘বউ শাশুড়ি’। পারিবারিক গল্পের এই নাটকটি নির্মাণ করেছেন আকাশ রঞ্জন।
অহনার কাছে জানতে চাওয়া হয়, আগে এক সাক্ষাৎকারে ধারাবাহিক নাটকে কাজ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে এখন প্রায় ধারাবাহিকে আপনাকে পাওয়া যাচ্ছে। তাহলে কী আপনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন?

অহনা বলেন, না সরে আসিনি। এই ধারাবাহিকগুলোর শুটিং অনেক আগে থেকেই করা হয়েছে। আমি আগেই বলেছি প্রচার চলতি ও সিডিউল দেয়া ধারাবাহিকগুলোর বাইরে নতুন কাজ হাতে নিচ্ছি না।
অহনা ধারাবাহিকের বাইরে নাটক ও ওয়েব সিরিজের দিকেও মনোযোগ দিয়েছেন। এরইমধ্যে সুমন আনোয়ারের ‘সদরঘাটের টাইগার’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। এছাড়া ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও দেখা গেছে তাকে। সর্বশেষ অহনা সাইমনের বিপরীতে ‘চোখের দেখা’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন।
অহনার কাছে সর্বশেষ জানতে চাওয়া হয়। অভিনয়ের বাইরে আর কি করছেন? এমন প্রশ্নে অহনা বলেন, অভিনয়ের বাইরে আমার একটি বিউটি পার্লারের ব্যবসা প্রতিষ্ঠান আছে। নাম ‘অ-হ-মি’। আসলে অভিনেত্রীর পাশাপাশি নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
টাইমস/জেকে/এসআই