© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্ষণের অভিযোগে নেপালের সাবেক স্পিকার গ্রেপ্তার

শেয়ার করুন:
ধর্ষণের অভিযোগে নেপালের সাবেক স্পিকার গ্রেপ্তার
international-desk
০৫:০২ পিএম | ০৭ অক্টোবর, ২০১৯

পার্লামেন্ট সচিবালয়ের এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে নেপালের সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

কাঠমান্ডুর একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে রোববার তাকে আটক করা হয় বলে জানিয়েছে বিবিসি।

২৯ সেপ্টেম্বর রাতে স্বামী যখন ঘরে ছিলেন না তখন মাহারা তাকে মদ্যপ অবস্থায় ধর্ষণ করেন বলে পার্লামেন্ট সচিবালয়ের ওই নারী কর্মী অভিযোগ করেছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও বিরোধীদের তুমুল সমালোচনার মধ্যে মঙ্গলবার (১ অক্টোবর) পার্লামেন্টের নিম্নকক্ষের এ স্পিকার পদত্যাগ করেছিলেন।

তবে মাহারার কার্যালয় এক বিবৃতিতে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তার চরিত্র হনন করতে রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ আনা হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনার দিন বিকেলে মাহারা মাত্র দুই ঘণ্টার জন্য সরকারি বাসভবনের বাইরে ছিলেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া ওই দিন সন্ধ্যায় মাহারা ঘরেই ছিলেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

নেপালের বিদ্রোহী ও সংস্কারপন্থী কমিউনিস্ট দলগুলো জোট গঠন করে ২০১৭ সালের সাধারণ নির্বাচনে বড় জয় নিয়ে সরকার গঠন করে। সাবেক মাওবাদী বিদ্রোহী গেরিলা কৃষ্ণা বাহাদুর পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন।

বিদ্রোহী মাওবাদী গেরিলা ও সরকারের মধ্যে দীর্ঘ আলোচনার মাধ্যমে ২০০৬ সালে নেপালের প্রায় এক দশকের গৃহযুদ্ধের অবসান হয়। ওই আলোচনায় বিদ্রোহী প্রতিনিধি দলের প্রধান ছিলেন কৃষ্ণা বাহাদুর।

নেপালের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাকে স্বচ্ছ তদন্তের স্বার্থে পদত্যাগের আহ্বান জানায় বলে জানান দলের এক মুখপাত্র।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন