নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ডোনাল্ড ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক শান্তিচুক্তিতে মধ্যস্থতা করার মাধ্যমে তিনি এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক শান্তিচুক্তিতে মধ্যস্থতা করার মাধ্যমে তিনি এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।
বুধবার স্কাই নিউজ এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, নরওয়ের রাজনীতিবিদ টিব্রিং-জেড্ডে এ বছর নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেন।
নরওয়ের চারবারের নির্বাচিত এই আইনপ্রণেতা ফক্স নিউজকে বলেন, ‘দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠায় শান্তি পুরষ্কারের জন্য মনোনীত অন্যান্য প্রার্থীদের চেয়ে তিনি (ডোনাল্ড ট্রাম্প) আরও বেশি চেষ্টা করেছেন বলেই আমি তাকে যোগ্য মনে করছি।’
গত ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয় সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই দুই দেশের ‘ঐতিহাসিক চুক্তির’ কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা ঘোষণা করেছেন যে, ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ককে স্বাভাবিক করার মধ্যপ্রাচ্য চুক্তির জন্য ১৫ সেপ্টেম্বর একটি স্বাক্ষর অনুষ্ঠান করবেন।
ইসরায়েলের সঙ্গে কোনো আরব দেশের এই চুক্তি ১৯৪৮ সালে দেশটির স্বাধীনতা ঘোষণার পর তৃতীয় ঘটনা। এর আগে ইসরায়েলের সঙ্গে ১৯৭৯ সালে মিসর ও ১৯৯৪ সালে জর্ডান চুক্তি করেছিল।
নোবেল শান্তি পুরস্কার প্রবর্তনের পেছনের উদ্দেশ্য ছিল, বিশ্বজুড়ে হানাহানি আর সংঘাত বন্ধে সত্যিকার অর্থে যারা অবদান রেখেছেন বা রাখছেন, তাদের পুরস্কৃত করার মধ্য দিয়ে শান্তির সম্ভাবনার ধারণাকে এগিয়ে নেওয়া।
প্রতি বছর অক্টোবরে নরওয়েজিয়ান নোবেল কমিটি পুরস্কার পাওয়া ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে। ২০১৯ সালে শান্তিতে নোবেল পান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ।
টাইমস/এইচইউ