© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে রাতভর লাগেজ পাহারা, সকালে মিলল যুবকের খণ্ডিত লাশ

শেয়ার করুন:
ময়মনসিংহে রাতভর লাগেজ পাহারা, সকালে মিলল যুবকের খণ্ডিত লাশ
own-reporter-mymensingh
১২:৪৫ পিএম | ২১ অক্টোবর, ২০১৯

ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রহ্মপুত্র সেতুর পাশে বোমা সন্দেহে একটি লাগেজ ঘিরে রাখার ১২ ঘণ্টা পর এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট লাগেজটি খুলে হাত, পা ও মাথাবিহীন লাশটি দেখতে পান।অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর।

ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, নগরীর পাটগুদাম ব্রিজের কাছে রোববার সকাল থেকে সারাদিন লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখে সন্ধ্যায় ট্রাফিক পুলিশের এক সদস্য পুলিশকে অবহিত করেন। বোমা সন্দেহে রাত ৮টা থেকে লাগেজটিকে ঘিরে রাখে পুলিশ ও র‌্যাব। খবর দেয়া হয় বোম ডিসপোজাল টিমকে। সোমবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে লাগেজ থেকে পলিথিনে মোড়ানো মাথা ও হাত-পা বিহীন দ্বিখণ্ডিত যুবকের লাশ উদ্ধার করে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ঠাণ্ডা মাথায় হত্যার পর খণ্ডিত করে লাশটি লাগেজের ভেতর রেখে ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যাকারীদের ধরার জন্য পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার বলেন, এটি পেশাদার অপরাধচক্রের কাজ। কাজটা যেই করেছে খুবই ঠাণ্ডা মাথায় করেছে। তদন্তের পর মৃতদেহের পরিচয় ও খুনের রহস্য জানা যাবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন